বিশ্বের সবচেয়ে লম্বা পা ওয়ালা মডেল

একাটিরিনা লিসিনা। রাশিয়ান মডেল। সম্প্রতি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে এই মডেলের। কিন্তু কী কাজ করে ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন এই মডেল? তিনি অবশ্য কিছু করেননি। করেছে তাঁর পা। হ্যাঁ, বিশ্বের দীর্ঘতম পা রয়েছে এই মডেলের। আর এই পা-ই তাঁকে পৌঁছে দিয়েছে ওয়ার্ল্ড রেকর্ডসে।
লিসিনাকে লোকে মডেল হিসেবে চিনলেও পেশায় তিনি বাসকেট বল খেলোয়াড়। আর লম্বা পায়ের সৌজন্যে বাসকেট বল কোর্ট তাঁর হাতের মুঠোয়। বিভিন্ন প্রিমিয়ার লিগে যেমন খেলছেন তেমন অলিম্পিকেও গিয়েছেন। ২০০৮ অলিম্পিকে রাশিয়ার মহিলা বাসকেট বল দলে ছিলেন লিসিনা। সেবছর ওই দল ব্রোঞ্জ় জিতেছিল। বাসকেট বলকে ক্যারিয়ার অপশন হিসেবে বেছে নিলেও মডেলিংয়ে হাল ছাড়ছেন না। বরং মনে করছেন বিশ্বরেকর্ডের এই খেতাব তাঁর মডেলিং ক্যারিয়ারে অনেকটা সাহায্য করবে। আরও বেশি করে নজরে আসবেন।
৬ ফুট ৮.৭৭ ইঞ্চি লম্বা এই রাশিয়ান মডেলের পা ৫২ ইঞ্চি লম্বা। যা বিশ্বের দীর্ঘতম। খেতাব এখন জিতলেও মেয়ের পা যে আর পাঁচজনের থেকে একটু বেশি লম্বা তা লিসিনার বাবা-মা জন্মের সময়ই বুঝতে পেরেছিলেন। এরপর যত বড় হতে থাকে ততই বুঝতে পারেন, মেয়ের পা বাকিদের থেকে অনেক বেশি লম্বা। তবে অস্বাভাবিক কখনই মনে হয়নি। কারণ লিসিনার পরিবারের সকলেই লম্বা। মা, বাবা, ভাই কেউই ছ’ফুটের নিচে নয়।-নতুন বার্তা।



