sliderমহানগরশিরোনাম

সরকারকে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: ইনকিলাব মঞ্চ

পতাকা ডেস্ক : সরকারকে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা। একই সঙ্গে পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যাসহ দেশের সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

আজ বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ফাতিমা তাসনিম। আগামী ১৮ ডিসেম্বর শহীদি সমাবেশের প্রস্তুতি, আয়োজনের পরিকল্পনা এবং ডিসেম্বর মাসজুড়ে সংগঠনের বিভিন্ন কর্মসূচি তুলে ধরতে সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে ইনকিলাব মঞ্চ।

ফাতিমা তাসনিম জুমা বলেন, বর্তমান রাষ্ট্রপতি, যিনি সাবেক বিএনপি মহাসচিব, নির্বাচনের আগের দিন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ঘোষণা দিয়েছিলেন, তার দল ক্ষমতায় এলে হাদী হত্যার বিচার করা হবে। এ ছাড়া সরকার জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার দিয়েই ক্ষমতায় এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। তাই সরকারকে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

সভায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদী হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে ইনকিলাব মঞ্চ। আগামী ১৮ ডিসেম্বরের কর্মসূচি কোনো রাজনৈতিক দলকে মোকাবিলা করার উদ্দেশ্যে আয়োজন করা হচ্ছে না। এর মাধ্যমে সরকারকে জনগণের সাংবিধানিক ও নৈতিক অধিকার রক্ষার বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, যারা শহীদ ওসমান হাদীর অবদান নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করছেন, তারা মূলত একজন শহীদের অবদানকে খাটো করে দেখানোর চেষ্টা করছেন। একই সঙ্গে তাঁর হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ শরিফ ওসমান বিন হাদীকে কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হয়েছে সব রাজনৈতিক দল, মত ও সর্বস্তরের মানুষের মতামত এবং সম্মতির ভিত্তিতে।

সভায় শহীদ শরিফ ওসমান হাদীর প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডিসেম্বর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৮ নভেম্বর কর্মসূচি ঘোষণা করা হবে। ১ থেকে ৩ ডিসেম্বর সারাদেশে গ্রাফিতি অঙ্কন ও পোস্টারিং, ৪ ডিসেম্বর তাহাজ্জুদের রাত ও সারাদেশের মসজিদে মিলাদ মাহফিল, ৬ ডিসেম্বর বিভিন্ন ক্যাম্পাসে স্মরণসভা এবং ৭ ডিসেম্বর এতিম ও পথশিশুদের নিয়ে আয়োজন করা হবে। এ ছাড়া ৮ ডিসেম্বর সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, ৯ ডিসেম্বর রাজনৈতিক দল ও জুলাইয়ের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা, ১১ ডিসেম্বর বায়তুল মোকাররম জামে মসজিদ থেকে কফিন মিছিল এবং সারাদেশের মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ১২ ডিসেম্বর ঘটনাস্থলে স্মৃতিফলক উদ্বোধন ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মিলাদ মাহফিল, ১৩ থেকে ১৫ ডিসেম্বর ওসমান হাদী ফেস্ট, ১৬ ডিসেম্বর বিজয় র্যা লি ও সার্বভৌমত্বের শপথ এবং ১৭ ডিসেম্বর ডকুমেন্টারি, কবিতা, গান ও দোয়ার মাধ্যমে স্মরণের রাত পালন করা হবে। কর্মসূচির শেষ দিনে ১৮ ডিসেম্বর সারাদেশে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল এবং ঢাকায় সর্বদলীয় শহীদি সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

মতবিনিময় সভায় সঞ্চালনা করেন ইনকিলাব মঞ্চের সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম। এতে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফজলে রাব্বি সরকার, কেন্দ্রীয় সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা ও কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। সভায় উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ দেন। সংগঠনের পক্ষ থেকে এসব পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button