রংপুরে স্কুলছাত্রী গণধর্ষণের ঘটনায় আরও দুই জনকে গ্রেফতার করেছে পিবিআই
রংপুর প্রতিনিধি : রংপুরে স্কুলছাত্রী গণধর্ষণের ঘটনায় আরও দুই ধর্ষককে গ্রেফতার করেছে পিবিআই পুলিশ। মঙ্গলবার ভোরে লালমনিরহাট থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, লালমনিরহাট সদরের পূর্ব মাজাপাড়া এলাকার করি মাহমুদের ছেলে বাবুল হোসেন(৩৮) এবং পূর্ব থানা পাড়া মৃত কাচু মিয়ার ছেলে আবুল কালাম আজাদ (৪০)।
পিবিআই-এর পুলিশ সুপার জাকির হোসেন জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার ভোরে ওই দুজনকে লালমনিরহাট থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এর আগে এ ঘটনায় সুমাইয়া আক্তার মেঘলা ওরফে আলেয়া বেগম ও তার সহযোগী সুরভি আক্তার ওরফে শম্পাকে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার পুলিশ। এছাড়া বরখাস্ত মহানগর পুলিশের গোয়েন্দা পুলিশের এএসআই রায়হানুল ইসলামকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি।
গত রবিবার সকালে মহানগর পুলিশের হারাগাছ থানাধীন ক্যাদারের পুল এলাকার এক ভাড়া বাড়িতে এ গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে পুলিশ সদস্য রায়হানুল ইসলাম ওরফে রাজুসহ দু’জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে হারাগাছ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ওই ছাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করায় পুলিশ।
অধিকতর তদন্তের জন্য মামলাটি সোমবার হারাগাছ থানা থেকে রংপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়। তদন্তের দায়িত্বভার গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই দুই ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয় পিবিআই।##




