রংপুরে আরও ৭২ জনের করোনা শনাক্ত

রাহুল সরকার : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় নতুন ৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রংপুরে ৩৪ জন, কুড়িগ্রামে ১৬ জন, গাইবান্ধায় ১২ জন এবং লালমনিরহাটে ১০ জন রয়েছেন।
বুধবার সন্ধ্যায় তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. একেএম নুরুন্নবী লাইজু। তিনি জানান, আক্রান্তদের মধ্যে পুলিশ, আনসার, চিকিৎসক, ব্যাংকার, নার্স ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে পীরগঞ্জে ৫ জন, বদরগঞ্জে ২ জন, মিঠাপুকুরে ২ জন, পীরগাছায় ১ জন, কাউনিয়ায় ১ জন, রংপুর সদরে ২ জন, রংপুর মেডিকেলে ভর্তি ২ জন রোগী, আনসার সদস্য ১ জন, আরআরএফ পুলিশ সদস্য ১ জন, করোনা হাসপাতালের ১ জন, সেনপাড়ার চিকিৎসক ১ জনসহ নগরীর বিভিন্ন এলাকার আরও ১৫ জন রয়েছেন।
এছাড়া কুড়িগ্রাম সদরে ৫ জন, নাগেশ্বরীতে ৬ জন ও ভুরুঙ্গামারীতে ৫ জন, গাইবান্ধা সদরে ৪ জন, গোবিন্দগঞ্জে ৪ জন, সুন্দরগঞ্জে ২ জন, পলাশবাড়ীতে ১ জন ও সাঘাটায় ১ জন এবং লালমনিরহাট সদরে ৪ জন, হাতিবান্ধায় ৪ জন ও আদিতমারীর ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় রংপুরে করোনা আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। বর্তমানে রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৫৯ জন। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন ৯২৫ জন।




