রংপুরকে হারিয়ে তিনে খুলনা

রংপুর রেঞ্জার্সকে পঞ্চম হারের স্বাদ দিয়ে বঙ্গবন্ধু বিপিএলে নিজেদের চতুর্থ জয় তুলে নিয়েছে খুলনা টাইগার্স। শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে সুন্দরবন এলাকার দলটি ৫২ রানের বড় ব্যবধানে জিতে পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে গেছে।
মিরপুরে খুলনা এদিন টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রান করে। জবাবে ৯ উইকেটে ১৩০ রানে থামে রংপুর।
পয়েন্ট টেবিলের তলানিতে থাকা রংপুরের লুইস গ্রেগরি দলটির সর্বোচ্চ রান সংগ্রাহক। চার নম্বরে নেমে ২৬ বলে ৩৪ করেন। ২৮ রান দিয়ে ৩ উইকেট নেওয়া মোস্তাফিজুর রহমান ব্যাট হাতেও ‘ঝলক’ দেখিয়েছেন। ১১ বলে ২১ রানে অপরাজিত থেকে তিনি অবশ্য শুধু আফসোসই বাড়িয়েছেন।
খুলনার সেরা বোলার নারায়ণগঞ্জ থেকে উঠে আসা তরুণ মিডিয়াম-পেসার শহীদুল ইসলাম। চার ওভারে ২৩ রান দিয়ে চার উইকেট নেন তিনি।
এর আগে দলটির হয়ে মুশফিক করেন ৪৮ বলে ৫৯, এবারের আসরে তার দ্বিতীয় ফিফটি। টুর্নামেন্টে প্রথম খেলতে নেমে আফগানিস্তানের নাজিবউল্লাহ করেন ২৬ বলে ৪১। ওপেনার শান্ত ২২ বলে করে যান ৩০। ৭ বলের ছোট একটি ঝড়ে আরেক ওপেনার মিরাজ তিন চারে ১২ রান করেন।
স্কোর বড় করেন মূলত মুশফিক আর নাজিবউল্লাহ। দারুণ ব্যাটিংয়ে তারা ৮২ রানের জুটি গড়েন। শেষের আগের ওভারে আউট হন নাজিবউল্লাহ। শেষ ওভারে মুশফিক।




