যেকোনো সময় বন্ধ হয়ে যাবে সিটিসেল!

যেকোনো সময় বন্ধ হতে চলেছে বাংলাদেশের সবচেয়ে পুরনো মোবাইল ফোন অপারেটর সিটিসেল। সরকারের পাওনা শোধ করতে না পারায় এই অবস্থায় পড়তে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
ক্রমাগত গ্রাহক কমতে থাকায় বড় ধরনের সঙ্কটে পড়া বাংলাদেশের প্রথম ও একমাত্র সিডিএমএ মোবাইল অপারেটর সিটিসেলের কাছে সরকারের পাওনা রয়েছে ৪৭৭ কোটি ৫১ লাখ টাকা।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ জানিয়েছেন, এই কোম্পানিটির কার্যক্রম যেকোনো সময় বন্ধ করতে পারেন।
সেক্ষেত্রে আগামী ১৬ অগাস্টের মধ্যে এই অপারেটরের গ্রাহকদের বিকল্প সেবা বা ব্যবস্থা নেয়ার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেবে বিটিআরসি।
বিটিআরসির হিসেবে, গত জুন মাস শেষ নাগাদ এই অপারেটরের গ্রাহক সংখ্যা মাত্র ৭ লাখ; যা বাংলাদেশের মোট মোবাইল ফোন গ্রাহকের এক শতাংশেরও কম।
বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ রোববার সংবাদমাধ্যমকে বলেন, “সিটিসেলের কাছে আমাদের পাওনা রয়েছে প্রায় ৪৭৭ কোটি টাকা। বারবার তাগিদ দেয়া হলেও তারা এ পাওনা মেটানোর কোনো উদ্যোগ নেয়নি।
তিনি বলেন, আইন অনুযায়ী পাওনা না দেয়ায় যেকোনো সময় আমরা সিটিসেল বন্ধ করে দিতে পারি। বিটিআরসি যেকোনো সময় এর তরঙ্গ বাতিল এবং অপারেশনাল কার্যক্রম বন্ধসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।




