মৌসুমী সভাপতি নির্বাচিত হলে ইতিহাস হবে: পপি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়ছেন চিত্রনায়িকা মৌসুমী। মৌসুমীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নায়িকা সাদিকা পারভীন পপি বলেছেন, এবার যদি শিল্পী সমিতির নির্বাচনে মৌসুমী আপু সভাপতি পদে জয়ী হন, তাহলে তা ইতিহাস হবে।
শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেয়ার জন্য পপি এফডিসিতে এসে এ কথা বলেন।
পপি বলেন, মৌসুমী আপু জয়ী হলে খুব ভালো হবে। কারণ আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান এখন নারী। এ ছাড়া আমাদের বেগম রোকেয়া, সুফিয়া কামাল, জাহানারা ইমাম ইতিহাস গড়েছেন। আমি মনে করি, এবার যদি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মৌসুমী আপু সভাপতি পদে জয়ী হন, তা হলে তা ইতিহাস হবে।
মৌসুমীকে জয়ী করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমরা স্বাধীন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি চাই, যেখানে কোনো শিল্পীর দুস্থ তকমা থাকবে না। বিদায়ী কমিটি এই শিল্পী সমিতির অনেক সদস্যকে দুস্থ শিল্পী বানিয়েছে। সেটি আমরা চাই না। আমরা একটি দালাল, দুর্নীতি ও রাজনীতিমুক্ত এফডিসি চাই। আশা করি এবারের নির্বাচনে প্রত্যাশিত নেতৃত্ব জয়ী হবে।




