বিনোদন

দেশের প্রথম শিশুতোষ টেলিভিশন ‘দুরন্ত’-এর যাত্রা শুরু

শিশুদের মনোজগতে ক্রিয়াশীল যেকোনো তথ্য, সংবাদ, কাহিনী এবং বিনোদনের মাধ্যমে শিশু-কিশোরদের ভবিষ্যত গঠনের গুরুত্বের কথা বিবেচনা করে যাত্রা শুরু করেছে বাংলাদেশের প্রথম শিশু ও পরিবার ভিত্তিক টিভি চ্যানেল ‘দুরন্ত’।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বারিন্দ মিডিয়া লিমিটেড (রেনেসাঁ গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান) আয়োজিত এক সংবাদ সম্মেলনে চ্যানেলটির লোগো উন্মোচন হয়। এর মাধ্যমে চ্যানেলটি সম্প্রচার শুরু করেছে এবং আগামী ১৫ অক্টোবর থেকে পূর্ণাঙ্গ সম্প্রচার শুরু করবে ‘দুরন্ত’।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম, বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, লেখক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর।
দুরন্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাঈদ আমন্ত্রিতদের স্বাগত জানান।
অনুষ্ঠানে হাসানুল হক ইনু বলেন, অতীতের দেশী-বিদেশী জবর দখলের জন্য সাম্প্রদায়িকতা ঢুকে পড়ে এ দেশ অনেক পিছিয়ে গেছে। তা কাটিয়ে উঠতে নতুন প্রজন্মকে দূরন্ত গতিতে এগোতে হবে। এ দেশ থেকে রাজাকার, জঙ্গি, দুর্নীতি ও ঘাতকদের জঞ্জাল দূর করতে হবে।
আসাদুজ্জামান নূর বলেন, নতুন এ চ্যানেলটি দু’টি কারণে চ্যালেঞ্জের মুখে পড়বে বলে আমার ভয় হচ্ছে। এর একটি হলো আর্থিক এবং অন্যটি হলো শিশুদের উপযোগী ভালো অনুষ্ঠান নির্মাণের চ্যালেঞ্জ। কারণ, আমিও একটি চ্যানেলের সাথে যুক্ত আছি। সেখানে আর্থিক চ্যালেঞ্জের কারণে যেনো শ্বাস প্রশ্বাস ওষ্ঠাগত। নতুন চ্যানেলগুলো আর্থিকভাবে খুব দু:সময় পার করছে। তবুও নতুন এই চ্যানেলের জন্য অনেক অনেক শুভ কামনা।
তারানা হালিম বলেন, আমাদের ছোটবেলায় সব সময় সংস্কৃতি চর্চা করতাম। সে সময় মাদকের দিকে ঝোঁকার কারো সুযোগ ছিল না। কিন্তু আজকে সুস্থ সংস্কৃতি ও বিনোদণের অভাবে আমাদের যবে সমাজ মাদকের দিকে ধাবিত হচ্ছে। নতুন এই চ্যানেলের অনুষ্ঠানমালা তরুণ ও যুব সমাজকে সঠিক পথে থাকতে সহায়তা করবে বলে আমার বিশ্বাস।
শাহরিয়ার আলম বলেন, একটি বিতর্কিত কার্টুন নিয়ে লেখালেখির পর সংসদীয় স্থায়ী কমিটিতে বিষয়টি আমি উপস্থাপন করি এবং ওই কার্টুনটি সাময়িকভাবে বন্ধ করা হয়। এতে বাচ্চারা চরম হাতাশ হয়ে পড়ে। টিভিতে বাচ্চাদের কোনো অনুষ্ঠান নেই বলে অনেকেই আমার কাছে হাতাশা ব্যক্ত করে। সেই থেকে আমি এই চ্যানেলেটি প্রতিষ্ঠার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেই। আজ সেটি আলোর মুখ দেখলো। আমরা এ ব্যাপারে সবার সহযোগিতা চাই।
নতুন চ্যানেলের অনুষ্ঠান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন দুরন্ত টিভির পরিচালক অভিজিৎ চৌধুরী, প্রকল্প পরিচালক শাকিব আরিফিন, অনুষ্ঠান প্রধান মোহাম্মদ আলী হায়দার ও বিপণন বিভাগের প্রধান আমজাদ হোসেন আরজু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button