মোবাইল ব্যাংকিং সেবা চালু রাখার নির্দেশ

রাফতানিমুখী শিল্প-প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা পরিশোধে মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস(এমএফএস) বা মোবাইল ব্যাংকিং সেবা নিরবচ্ছিন্ন চালু রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংক পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।
দেশে সেবা প্রদানকারী সব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডারগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সচল রাফতানিমুখী শিল্প-প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানে সরকার ঘোষিত আর্থিক প্রণোদনার (সহজ শর্তে ঋণ/বিনিয়োগ) অর্থ শ্রমিক-কর্মচারীদের নিজস্ব মোবাইল হিসাবের মাধ্যমে বিতরণের উদ্দেশ্যে সব এমএফএস প্রোভাইডার স্ব স্ব সিস্টেম, ডিস্ট্রিবিউশন ও এজেন্ট চ্যানেল নিরবচ্ছিন্ন ও সচল রাখবে এবং এজেন্ট পয়েন্টসমূহে প্রয়োজনীয় পরিমাণ নগদ অর্থের যোগান নিশ্চিত করবে।
এতে বলা হয়, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সেবা আবশ্যকীয় পরিসেবা হিসেবে গণ্য করতঃ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে। এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও পুলিশ হেড কোয়ার্টার্সে পাঠানো চিঠিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান সাধারণ ছুটিতে এমএফএস পরিসেবা সম্পাদনের লক্ষ্যে, এমএফএস প্রোভাইডারের কর্মকর্তা, ডিস্ট্রিবিউটর, ডিস্টিবিউটরের কর্মচারী এবং এজেন্টরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন এবং সরকার কর্তৃক নির্ধারিত সময় অনুযায়ী যাতে এজেন্ট পয়েন্টসমূহ খোলা রাখা যায় সে বিষয়ে সহায়তার জন্য বিশেষভাবে অনুরোধ জানান হলো।




