খেলা

মেয়ে সানার পোস্ট ‘অসত্য’ দাবি সৌরভ গাঙ্গুলির

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল ভারত নিয়ে সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলির কন্যা সানার একটি পোস্ট আলোড়ন সৃষ্টি করেছে। কিন্তু পোস্টটি মেয়ের নয় বলে দাবি করেছেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক।
গত মঙ্গলবার, ১৮ বছর বয়সী সানার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি স্ন্যাপশট হঠাৎ ব্যাপকভাবে প্রচারিত হতে থাকে। খুশবন্ত সিংয়ের বই ‘দ্য এন্ড অফ ইন্ডিয়া’র একটি অংশ শেয়ার করে দেওয়া পোস্টটি স্পষ্টতই ভারতের নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) বিরোধী।
পোস্টে সানা লিখেছেন- “প্রতিটি ফ্যাসিস্ট সরকারের একটা দল বা গোষ্ঠীর প্রয়োজন হয়। নিজেদের বেড়ে ওঠার জন্য তারা ওই দল বা গোষ্ঠীগুলিকে ব্যবহার করতে তাদের শয়তানে পরিণত করে। দুই একটা দল দিয়ে এটা শুরু হয়। কিন্তু সেটা কখনই সেখানে শেষ হয় না। ঘৃণার উপর নির্ভর করে যে আন্দোলন, সেই আন্দোলন নিজেকে ধরে রাখতে পারে অবিরাম একটা ভয় বা দ্বন্দ্বের বাতাবরণ তৈরি করে।’’
সানা এমন পোস্ট করেছে বলে মানতে নারাজ বাবা সৌরভ। তার দাবি রাজনীতি সম্পর্কে কিছুই জানার বয়স এখনো সানার হয়নি। সুতরাং তাকে এই বিষয় থেকে দূরে রাখাই ভালো।
এ ব্যাপারে টুইটারে সৌরভ লিখেছেন, “দয়া করে এই ধরনের বিষয় থেকে সানাকে দূরে রাখুন … এই পোস্টটা সত্য নয় … রাজনীতি সম্পর্কে জানার মতো বয়স ওর এখনো হয়নি।”
সম্প্রতি ভারতীয় সংসদে নাগরিকত্ব (সংশোধন) আইন ২০১৯, পাস হয়েছে। এই আইন অনুসারে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে পালিয়ে আসা হিন্দু, খ্রিষ্টান, শিখ, বৌদ্ধ ও পারসি সম্প্রদায়ের শরণার্থীদের নাগরিকত্ব দিতে রাজি আছে ভারত। তবে যারা ৩১ ডিসেম্বর, ২০১৪ বা তার আগে ভারতে প্রবেশ করেছিল শুধুমাত্র সেই সমস্ত শরণার্থীদেরই ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হবে বলে জানায় হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button