
পতাকা ডেস্ক : সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে। হাজার হাজার মানুষ দেশটির প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় নেমে এসেছেন। এর মধ্যে রয়েছেন নারী ও পুরুষরা। তাদের বেশির ভাগই যুবক-যুবতী। তাদের হাতে রয়েছে নেত্রী অং সান সুচির ছবি। তারা পরেছেন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্টির পতাকার রঙে লাল পোশাক। একটি ব্যানারে লেখা আছে, আমাদের ভোটকে সম্মান করুন। নভেম্বরে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের ফলকে বহাল করার আহ্বান জানানো হচ্ছে এই ব্যানারে।
ওই নির্বাচনে পার্লামেন্টের শতকরা ৮৩ ভাগ আসনে বিজয়ী হয়েছে সুচির এনএলডি পার্টি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
ওদিকে শনিবার দেশের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সেনাবাহিনী। ফলে বিক্ষোভের ছবি ও ভিডিও পেতে লড়াই করতে হচ্ছে সাধারণ জনগণকে। তবে তারা বিক্ষোভের প্রতীক তিন আঙ্গুল প্রদর্শন করেছেন বিক্ষোভকারীরা। তাদের হাতে ছিল লাল বেলুন। বাস ও বিভিন্ন যানবাহন থেকে বাজানো হচ্ছে হর্ন। মিও উইন (৩৭) নামের একজন বিক্ষোভকারী বলেছেন, গণতন্ত্র ফিরে না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন অব্যাহত রাখবো এবং আমাদের দাবি অব্যাহত থাকবে। ইয়াঙ্গুন ইউনিভার্সিটির কাছে মোতায়েন করা হয়েছে পুলিশের ট্রাক ও দাঙ্গা পুলিশ। মেলওয়ামিন এবং মান্দালয়ে রোববার সকালে ছোটখাট বিক্ষোভ হওয়ার খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, মিয়ানমারে বেসামরিক নেত্রী অং সান সুচি ও প্রেসিডেন্ট উইন মিন্ট সহ সিনিয়র নেতাদের গ্রেপ্তার করে গত ১লা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থান ঘটায় সামরিক জান্তা। এরপর তারা সেখানে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করে।




