মিরপুরে হকারদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ

রাজধানীর মিরপুরে হকারদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। দফায় দফায় চলা সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপিটালে চিকিৎসা দেয়া হয়েছে।
সংঘর্ষে এলাকায় তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ফাঁকা গুলি টিয়ারসেল নিক্ষেপ করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্র জানায়, মিরপুর ১ নম্বর সেকশনের গোল চত্বর থেকে শাহ আলী পর্যন্ত মুক্তিযোদ্ধা মার্কেট, কো-অপারেটিভ ও মুক্তবাংলা শপিং সেন্টারের সামনে হকার বসার কারণে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। দুপুর থেকে রাত পর্যন্ত প্রচণ্ড যানজট থাকায় পথচারীরা অতিষ্ট হয়ে ওঠেন।
বিশেষ করে রমজান মাসে যানজটের মাত্রা আরো বেড়ে গেছে। যার কারণে বুধবার ট্রাফিক পুলিশের নেতৃত্ব ওই এলাকায় পুলিশ হকার উচ্ছেদ অভিযান শুরু করে। দুপুর থেকে বিপণি বিতানগুলোর সামনে থেকে হকার উচ্ছেদ করতে শুরু করে পুলিশ। প্রথমে হকার ঈদকে সামনে করে তাদের উচ্ছেদ না করার জন্য অনুরোধ করে। কিন্তু পুলিম তা না শোনায় তারা একত্রিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ তাদের উপর লাঠি চার্জ করে ধাওয়া দিলে শুরু হয় সংঘর্ষ।
দুপুর থেকে বিকেল পর্যন্ত চলতে থাকে এই ধাওয়া পাল্টা ধাওয়া। এর মধ্যে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানি গ্যাস নিক্ষেপ করে। তবে হকাররা অভিযোগ করছেন, তাদের লক্ষ্য করে পুলিশ গুলি চালিয়েছে। এদিকে হকার পুলিশের সংঘর্ষের কারণে ওই এলাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে আশপাশের সড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়া যায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ ব্যপারে শাহআলী থানার ওসি আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, হকার উচ্ছেদ করতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠিচার্জ করে। এ নিয়ে সংঘর্ষের সৃষ্টি হয়। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।




