মার্কিন গোয়েন্দা বিমান বিধ্বস্ত : নিহত ১

যুক্তরাষ্ট্রের নর্দার্ন ক্যারিলোনায় একটি মার্কিন গোয়েন্দা বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। ইউ-২ নামের এই গোয়েন্দা বিমানটি আকাশে ওড়ার পরপরই বিধ্বস্ত হয় বলে জানা গেছে।
নর্দার্ন ক্যারিলোনার রাজধানী স্যাক্রেমেন্টোর দক্ষিণে ইউ-২ বিমানটির ইঞ্জিনে সমস্যা দেখা দিলে এটি বিধ্বস্ত হয়। এতে একজন পাইলট নিহত এবং অপর জন আহত হয়েছে বলে টুইটারের মাধ্যমে জানায় মার্কিন সেনাবাহিনী।
তবে লস অ্যাঞ্জেলস টাইমস জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার আগেই পাইলটরা বিমান থেকে বের হওয়ার সুযোগ পেয়েছিলেন। মার্কিন বিমান বাহিনীর টুইটারেও প্রথমে পাইলটরা নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন বলে দাবি করা হয়।
কিন্তু পরে আরেকটি টুইটে একজন পাইলট নিহত হওয়ার কথা জানানো হয়। তবে দ্বিতীয় পাইলট সম্পর্কে কিছু জানানো হয়নি। বিমানটি দিয়ে শিক্ষানবিশদের প্রশিক্ষণ চলছিলো বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।




