Uncategorized

মানিকগঞ্জে স্কুল শিক্ষককে জবাই করে হত্যার চেষ্টা

মানিকগঞ্জের সিংগাইরে বশির উদ্দিন ফাউন্ডেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুর রহমানকে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তাকে জবাই করে হত্যার চেষ্টা চালানো হয়। বৃহস্পতিবার রাত তিনটার দিকে সিংগাইর উপজেলার উত্তর জামসা গ্রামে এ ঘটনা ঘটে।
শিক্ষক আরিফুর রহমানকে গলায় জখম নিয়ে গুরুতর আহত অবস্থায় সিংগাইর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরিফুর রহমানের স্ত্রী সাহিদা খাতুন জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে প্রতিদিনের মতো ঘরের দরোজা লাগিয়ে ঘুমিয়ে পড়েন তারা। রাত ৩টার দিকে তার স্বামী ঘুম থেকে জেগে উঠলে ঘরের ভেতরে অজ্ঞাতনামা ৪/৫ জন দুর্বৃত্তরা প্রথমে তার পেটে ছুরিকাঘাতের চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে জবাই করে হত্যার চেষ্টা করা হয়। এ সময় তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যান।
তিনি জানান, ঘুমাতে যাওয়ার আগে হয়তো একজন দুর্বৃত্ত তাদের ঘরে লুকিয়ে ছিলো। পরে দরজা খুলে বাকিদের ঘরে ঢুকায়। এরপর হত্যার চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়। এ ব্যাপারে আরিফুর রহমানের স্ত্রী সাহিদা খাতুন বাদী হয়ে শুক্রবার সিংগাইর থানায় মামলা দায়ের করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেব।
জানা গেছে, বশির উদ্দিন ফাউন্ডেশন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সঙ্গে প্রধান শিক্ষকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে একাধিক মামলাও রয়েছে। পুলিশ ও স্থানীয়দের ধারণা এর জের ধরে এ ঘটনা ঘটতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button