মানিকগঞ্জে বেতনের টাকায় দুঃস্থদের ওষুধ ও খাদ্যসহায়তা দিলেন একজন চিকিৎসক

নিজস্ব প্রতিনিধি : নিজ বেতনের টাকায় করোনা ভাইরাসের কারনে কর্মহীন দুঃস্থদের খাদ্য সহায়তা দিলেন মানিকগঞ্জের গরীবের ডাক্তার হিসেবে খ্যাত ডাঃ লুৎফর রহমান। অসুস্থ্য ব্যক্তিকে দিলেন ওষুধসহ চিকিৎসা সেবা। আর গ্রামবাসীকে উপদেশ দিলেন করোনাভাইরাস সংক্রামন থেকে সুরক্ষার উপায়।
ডাঃ লুৎফর রহমান বর্তমানে মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত। তার বাড়ি সাটুরিয়া উপজেলার ধানকোরা ইউনিয়নের সাহেব পাড়ায়। এই সংকট সময়ে নিজ গ্রামের মানুষের কথা চিন্তা করে তিনি সোমবার চাল, ডাল, তেল, লবন নিয়ে চলে যান নিজ গ্রামে। খুঁজে খুঁজে অতিদরিদ্র অর্ধশত মানুষের প্রতিটি ঘরে গিয়ে নিজ হাতে তুলে দেন খাদ্য সহায়তার প্যাকেট। এসময় তিনি গ্রামের মানুষের স্বাস্থ্যের খবর নেন এবং সাধারণ রোগের ওষুধও দেন। এছাড়া, গ্রামবাসীকে করোনাভাইরাস থেকে সুরক্ষার পরামর্শও দেন।
ডাঃ লুৎফর রহমান বলেন, এই দুর্যোগ সময়ে সবাইকে যার যার সামর্থ অনুযায়ী এগিয়ে আসতে হবে। কেবল সরকারের উপর ভরসা করে থাকলে হবেনা। সামাজিক দায়িত্ববোধ থেকেই তার এই উদ্যোগ বলে তিনি জানান।
উল্লেখ, ওই ডাক্তার নিজের অর্থায়নে প্রতিমাসে দ্বিতীয় সপ্তাহের সোমবার কয়েক শত মানুষের চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। বছরের পর বছর এ ধরনের মহতী সেবার জন্য এলাকার গরীবের ডাক্তার হিসেবে সবাই চিনেন।



