রাজনীতি

মানিকগঞ্জে বিএনপির ‘পকেট’ কমিটিতে গণপদত্যাগ

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে সদ্যঘোষিত বিএনপির ৭টি উপজেলা ও ২টি পৌরসভার কথিত পকেট কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলনের পর এবার গণপদত্যাগ শুরু হয়েছে। ইতিমধ্যে নবগঠিত শিবালয় উপজেলার ২৭ সদস্যবিশিষ্ট কমিটির ২৩ জনই একযোগে পদত্যাগ করেছেন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির কয়েকজন নেতা স্বেচ্ছাচারী কায়দায় ওই কমিটিগুলো গঠন করেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক বরাবর পদত্যাগপত্র দেন ওই নেতারা। এতে তারা উল্লেখ করেন, দলের ত্যাগী, পরীক্ষিত, জেলখাটা ও মামলার শিকার নেতাদের বঞ্চিত করা হয়েছে। এছাড়া গত সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে সিল দেয়া ব্যক্তিদেরও কমিটিতে স্থান দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে পদত্যাগী শিবালয় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নম্বর যুগ্ম আহ্বায়ক সত্যেনকান্ত পণ্ডিত ভজন বলেন, উপজেলা পর্যায়ে যে আহ্বায়ক কমিটি করা হয়েছে তাতে দলের গতি ফিরে আসবে না। উল্টো দলের অভ্যন্তরে হ-য-ব-র-ল পরিস্থিতির সৃষ্টি হবে।
এর আগে ১৪ সেপ্টম্বর দুপুরে বিএনপির নবগঠিত উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে বিএনপির একাংশ মানিকগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে। এতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন খান, আবদুল কুদ্দুস খান মজলিশ মাখন ও তোজাম্মেল হক তোজা প্রমুখ উপস্থিত ছিলেন। এ বিষয়ে তোজাম্মেল হক তোজা বলেন, সাতটি উপজেলার মধ্যে ৬টি উপজেলাসহ মানিকগঞ্জ পৌর আহ্বায়ক কমিটির প্রায় সব সদস্য পর্যায়ক্রমে পদত্যাগ করার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশীদ খান বলেন, যারা সংবাদ সম্মেলন করেছেন মূলত তারাই দলের ভেতর ষড়যন্ত্রকারী। তারা চান না ঝিমিয়ে থাকা বিএনপি গতিশীল হোক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button