
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা), এমপি। এ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্ত-অনুরাগী অংশ নেন। অনুষ্ঠানে মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মন্দির উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১টায় মানিকগঞ্জ শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীমন্দির প্রাঙ্গণে আয়োজিত রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
পরে বিকেল ৩টায় একই স্থান থেকে বর্ণাঢ্য রথযাত্রার শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কালীমন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
উদ্বোধনী বক্তব্যে আফরোজা খানম বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশকে আরও সমৃদ্ধ ও অগ্রসর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, রথযাত্রা উৎসব পালনে যেন কেউ কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।
মন্ত্রী আরও বলেন, “আপনাদের শ্রদ্ধা, ভালোবাসা ও আস্থার কারণেই আজ আমি এই অবস্থানে পৌঁছেছি। হিন্দু-মুসলিমসহ সকল ধর্মের মানুষের জন্য উন্নত ও নিরাপদ মানিকগঞ্জ গড়ে তুলতে আপনাদের সহযোগিতা চাই। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন, যাতে আপনাদের স্বপ্ন বাস্তবায়নে সফল হতে পারি।”
তিনি বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দেশের মানুষ নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারেন।
আফরোজা খানম আরও জানান, আগামীতে সারা দেশে আরও ২৫০টি মন্দিরের উন্নয়নকাজ করা হবে। পাশাপাশি মানিকগঞ্জের সদর ও সাটুরিয়া উপজেলায় দুটি মডেল মন্দির এবং শ্মশানঘাট নির্মাণের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, জেলা জজ কোর্টের পিপি নূরতাজ আলম বাহার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুম, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তাপস রাজবংশীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



