
ফের ভেঙে পড়ল ভারতীয় বিমান বাহিনীর জঙ্গিবিমান। মঙ্গলবার সকালে গুজরাটের মুন্দ্রায় এই দুর্ঘটনায় মৃত্যু হয় বিমানচালক সঞ্জয় চৌহানের৷ ঘটনায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে৷
রুটিন মিশনেই মঙ্গলবার উড্ডয়ন শুরু করেছিল জাগুয়ার জেটটি৷ জামনগর এয়ারবেস থেকে সেটির যাত্রা শুরু হয়৷ চালকের আসনে ছিলেন এয়ার কমান্ডার সঞ্জয় চৌহান৷ কিছুদূর যাওয়ার পর গুজরাটের কচ্ছ জেলার মুন্দ্রার কাছে একটি গ্রামের উপর সেটি ভেঙে পড়ে৷ গবাদি পশুদের উপর গিয়ে পড়ে জেটটির ধ্বংসাবশেষ৷ মৃত্যু হয়েছে বেশ কয়েকটি পশুরও৷ দুর্ঘটনায় গুরুতর জখম হন ওই বিমানচালক৷ পরে তার মৃত্যু হয়৷
ভারতীয় বিমান বাহিনীর বিমানে দুর্ঘটনা বেশ পরপরই হচ্ছে৷ মাসখানেক আগেই আসামের মাজুলি দ্বীপে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ভেঙে পড়ে৷ দুই বিমানচালকের মৃত্যু হয় সে ঘটনায়৷ গত এপ্রিলে একটি এমআই-১৭ চপারও ভেঙে পড়ে৷ কেদারনাথের কাছে সে দুর্ঘটনায় ছয়জন আহত হয়েছিলেন৷ এ দিনের দুর্ঘটনায় সেনার আরো এক চালক প্রাণ হারালেন৷ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মনীশ ওঝা ঘটনায় শোকপ্রকাশ করেছেন৷
প্রায় তিন দশক ধরে ভারতীয় বিমানবাহিনীর অন্যতম লড়াকু বিমান এই জাগুয়ার৷ অত্যাধুনিক এই বিমানটি মূলত শত্রুঘাঁটিতে বোমা ফেলতে ব্যবহার করা হয়৷ এতে রয়েছে অত্যাধুনিক ‘লেজার টার্গেটিং পড’৷ এর মাধ্যমে নিখুঁত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম বিমানবাহিনী৷ তবে কয়েক দশক ধরে চলতে থাকা জেটগুলিকে বাতিল করার পরিকল্পনা নেওয়ার কথাও ভাবছে বিমানবাহিনী৷ এদিন সেরকমই এক জাগুয়ার নিয়ে নিয়মমাফিক মিশন বা প্রশিক্ষণে বেরিয়েছিলেন চালক৷ কিন্তু ফেরা হলো না তার৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক গোলোযোগের কারণেই এই বিপত্তি৷ তবে পুরো ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়৷



