ভয়ঙ্কর হামলার মুখে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রজুড়ে অস্বাভাবিক অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাক্টেরিয়ার বিস্তার ঘটছে। এ ‘নাইটমেয়ার ব্যাক্টেরিয়ার’ প্রতিরোধ ক্ষমতা দুই শ’ গুণ বেশি। গত বছর প্রথম যুক্তরাষ্ট্রে এ ধরনের ব্যাক্টেরিয়া দেখতে পাওয়া যায়, যা দেশটিতে মারাত্মক হুমকির সৃষ্টি করেছে। স্বাস্থ্য কর্মকর্তারা মঙ্গলবার একথা জানান।
কর্মকর্তারা বলেন, তারা যে পরিমাণ ব্যাক্টেরিয়া দেখতে পারবেন বলে ধারণা করেছিলেন প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি। কারণ প্রতিটি রাজ্যের নির্দিষ্ট কয়েকটি ল্যাবে এই ব্যাক্টেরিয়ার ব্যাপারে পরীক্ষা করা হয়েছে। হাসপাতাল ও নার্সিংহোমে অবস্থানকারী যেসব লোকের আইভি ও অন্যান্য টিউব ব্যবহার প্রয়োজন, বেশির ভাগ ক্ষেত্রে তারাই এ ধরনের ব্যাক্টেরিয়ায় আক্রান্ত হয়েছেন। এসব লোকের স্পর্শে যারা রয়েছেন তারা এই সুপারবাগে আক্রান্ত হচ্ছেন। এভাবে এই ব্যাক্টেরিয়া আরো ছড়িয়ে পড়ার বিপদ দেখা দিয়েছে।
অনেক রোগী অপারেশনের জন্য কিংবা অন্য কারণে বিদেশ ভ্রমণ করেছে যেখানে অষুধ প্রতিরোধী জীবাণু আছে। তারা দেশে ফিরে আসার পরই এই জীবাণুর সংক্রমণ পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) উপপরিচালক ডক্টর অ্যান শুশাট বলেন, অনিরাময়যোগ্য এই সংক্রমণের একমাত্র চিকিৎসা হচ্ছে বিশেষ যত্ন- তরল খাদ্য ও জীবন যাপন নিয়ন্ত্রণের জন্য যান্ত্রিক পদ্ধতি প্রয়োগ। সিডিসির এক রিপোর্টের সূত্রে জানা গেছে এসব তথ্য। জীবাণুদের সাথে ওষুধের লড়াই প্রতিনিয়ত চলতেই থাকে। জীবাণুরা প্রতিনিয়ত বিবর্তিত হয়ে অ্যান্টিবায়োটিককে প্রতিরোধ করতে চেষ্টা করে। ডক্টর অ্যান শুশাট আরো বলেন, অন্তত ২০ লাখ আমেরিকান প্রতি বছর অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুতে আক্রান্ত হয়। এদের মধ্যে অন্তত ২৩ হাজার জন মারা যায়। তবে সম্প্রতি নতুন ধরনের এই জীবাণুর সংক্রমণের হার বৃদ্ধিতে উদ্বেগ সৃষ্টি হয়েছে, কারণ এগুলো প্রায় সব ধরনের অ্যান্টিবায়োটিককে পরাজিত করে।
গত বছর দেশব্যাপী জনস্বাস্থ্য গবেষণাগারগুলোকে এ বিষয়ে নজর রাখার জন্য এবং দ্রুত ফলাফল জানাতে বলা হয়েছিল।
ডেইলি সাবাহ



