পতাকা ডেস্ক: ভেনিজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি, আহত হওয়া এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে এবি পার্টি।
এক শোকবার্তায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় প্রথম ৭.২ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল সান ফেলিপে। এর মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ভূমিকম্পটির কেন্দ্র ছিল ইউমারে শহর থেকে প্রায় ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
নেতৃদ্বয় বলেন, ভেনিজুয়েলায় সংঘটিত এই ভয়াবহ ভূমিকম্পে শত শত মানুষের প্রাণহানি এবং অসংখ্য মানুষের আহত হওয়ার সংবাদ আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। এই দুর্যোগে যারা তাদের প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকার অবলম্বন হারিয়েছেন, তাদের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনো নিরূপণ করা সম্ভব হয়নি এবং হতাহতের সংখ্যা লক্ষাধিক হতেপারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রকৃতির এই নির্মম আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ ভাষায় প্রকাশের অতীত। রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ভবন ধস, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়া এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের আহাজারির খবর বিশ্ববাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে।
আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি ত্রাণ, উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম জোরদারের আহ্বান জানাচ্ছি।
এবি পার্টি বিশ্বাস করে, মানবিক বিপর্যয়ের এই কঠিন সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়, আঞ্চলিক সহযোগী রাষ্ট্রসমূহ এবং মানবিক সংস্থাগুলো ভেনিজুয়েলার জনগণের পাশে দাঁড়াবে।
আমরা ভেনেজুয়েলার বিপর্যস্ত জনগণের প্রতি আমাদের সংহতি ও সমর্থন পুনর্ব্যক্ত করছি এবং এই দুর্যোগ মোকাবিলায় ভেনিজুয়েলার জনগণ যেন সাহস, শক্তি ও ধৈর্য্যর সঙ্গে মোকাবিলা করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করছি।


