ভূরুঙ্গামারীতে ৪৫ বোতল মদসহ ১ মাদক বিক্রেতা আটক

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৫ বোতল মদ ও নগদ ২ লাখ ৬০ হাজার ৫০০ টাকাসহ মাদক বিক্রেতা এনাম হোসেনকে আটক করেছে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটক এনাম হোসেন উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের হেলিপ্যাড এলাকার আচা মামুদের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফরের নেতৃত্বে একটি দল বুধবার(১৬ মার্চ) রাতে ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নের হেলিপ্যাড এলাকার এনাম হোসেনের বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ি থেকে ৪৫ বোতল বিলেতি মদ ও নগদ ২ লাখ ৬০ হাজার ৫০০ টাকা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৪৫ বোতল অফিসার চয়েজ মদ ও নগদ ২ লাখ ৬০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহমান বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেছেন।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে আটক ব্যক্তির নামে মামলা হয়েছে। বৃহস্পতিবার তাকে কুড়িগ্রাম জেলা হাজতে পাঠানো হয়েছে।




