খেলাশিরোনাম

ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

গ্রুপ পর্বে দারুণ ফুটবল খেলেছিল বাংলাদেশের মেয়েরা। দুই ম্যাচে ১৭ গোলে করে শেষ চারে উঠে লাল-সবুজের দল। সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফানালেও চমৎকার নৈপুণ্য দেখায় তারা। স্বাগতিক ভুটানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে জায়গা করে নেয় মারিয়া-মনিকারা।
ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এদিন বাংলাদেশকে গোলের দেখা পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ১৮ মিনিটে লক্ষ্যভেদ করে আনাই মোগিনি।
ঠিক ২০ মিনিট পর ম্যাচের ব্যবধান দ্বিগুণ করে আনুচিং মোগিনি। ডি-বক্সের বাইরে থেকে চমৎকার শেটে বল জালে জড়ায় সে।
ম্যাচের ৪৩ মিনিটে বাংলাদেশ দলের গোল ব্যবধান আরো বড় করে তহুরা খাতুন। দলের পক্ষে তৃতীয় গোল করে বড় জয়ের আশা জাগিয়ে তোলে।
বাংলাদেশের পক্ষে চতুর্থ গোল করে মারিয়া মান্ডা। ম্যাচের ৬৯ মিনিটে বলটি জলে জড়ায় সে। আর ৮৬ মিনিটে পঞ্চম গোলটি আসে শাহিদা আক্তার রিপার পা থেকে।
এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে বিধ্বস্ত করেছিল বাংলাদেশের মেয়েরা। জিতেছিল ১৪-০ গোলে। আর দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারায়।
ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে আসরের অন্যতম ফেভারিট ভারতের। আগামী শনিবার একই মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে গত বছর এই ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা।
অবশ্য বেশ কিছুদিন ধরেই দারুণ ফুটবল খেলছে বাংলাদেশের মেয়েরা। ২০১৪ সালে নেপালে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে প্রথম শিরোপা জিতেছিল। এরপর তাজিকিস্তানে একই টুর্নামেন্টে শিরোপা জেতে। এর পর ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বে, গত বছর ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে এবং গত এপ্রিলে হংকংয়ে চার জাতি জকি কাপে শিরোপা জিতেছিল তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button