উপমহাদেশশিরোনাম

ভারতে করোনা আক্রান্ত ৬৭ হাজার ছাড়াল

ভারতে লাফিয়ে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়ে গেছে। মারা গেছে ২২শ’র বেশি মানুষ।
দ্য হিন্দুর সোমবার সকালের আপডেট অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৬৭ হাজার ১৬০ জনের। মারা গেছেন ২ হাজার ২১৪ জন।
অবশ্য দেশটিতে রোগী সুস্থ হয়ে ওঠার হার বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ৩০ দশমিক ৭৬ শতাংশ রোগীই সুস্থ হয়ে উঠেছেন। কিছু দিন আগেও এই হার ছিল ২০ শতাংশের সামান্য ওপরে।
এদিকে লকডাউনের ৪৮তম দিনে করোনা পরিস্থিতিতে ইতোমধ্যে নেওয়া পদক্ষেপ এবং পরবর্তী করণীয় নিয়ে সোমবার ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে অর্থনৈতিক বিষয়টি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র রাজ্য। এ রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ২২ হাজার ১৭১ জনে দাঁড়িয়েছে। রবিবার নতুন করে ১ হাজার ২৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর রাজ্যে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭৭৯ জনের।
আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে আছে মোদির রাজ্য গুজরাট। তৃতীয় স্থানে থাকা দিল্লিকে টপকে ওপরে উঠে এসেছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ২০০ ছাড়িয়ে গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button