
মাত্র উনিশ দিন। আর এর মধ্যেই ভারতে পরপর তিনজন সাংবাদিককে খুন করেছে দুর্বৃত্তরা। এবার এ তালিকায় যুক্ত হলেন একাধিক সর্বভারতীয় ইংরেজি সংবাদপত্রের প্রাক্তন বার্তা সম্পাদক কে জে সিংহ। এর আগে, গত ৪ সেপ্টেম্বর সাংবাদিক গৌরী লঙ্কেশকে তার বেঙ্গালুরুর বাড়ির সামনে গুলি করে খুন করা হয়। এছাড়া গত বুধবার আগরতলায় খবর সংগ্রহে গিয়ে খুন হন অপর সাংবাদিক শান্তনু ভৌমিক।
কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, মোহালিতে নিজের বাড়ির দরজা ভেঙে ষাটোর্ধ সাংবাদিকের সঙ্গে তার মায়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক সন্দেহে জানাচ্ছে পুলিশ। এই ঘটনার পরেই পঞ্জাব পুলিশের আইজি (অপরাধ দমন) এর নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ।
পুলিশ সূত্রে বলা হয়েছে, দুপুরে কে জে সিংহের সঙ্গে দেখা করতে এসেছিলেন এক ব্যক্তি। বহু ডাকাডাকির পরেও কেউ দরজা না খোলায় সন্দেহ হয় তার। শেষমেশ পুলিশে খবর দেওয়া হয়। দেহ দু’টি উদ্ধারের পরে পুলিশ দেখে, প্রবীণ সাংবাদিকের সবুজ রঙের গাড়িটিও উধাও হয়ে গেছে। এনডিটিভি।




