খেলা

ভারতের মাটিতে অনেক কিছু প্রমাণ করতে হবে

বড় দলগুলোর কাছে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চাইলে ভারতের বিপক্ষে তাদেরই মাটিতে দারুণ কিছু করে দেখাতে হবে বাংলাদেশকে। এমন মনে করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।
ফেব্রুয়ারির নয় তারিখ থেকে হায়দরাবাদে অনুষ্ঠিত হবে দুই দলের এই সিরিজের একমাত্র টেস্টটি। যা ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্টও। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর গত ১৭ বছরে একমাত্র ভারত ছাড়া সব টেস্টখেলুড়ে দেশেই সফরে গিয়েছে বাংলাদেশ। বাদ ছিলো কেবল ভারত।
ভারতের বিপক্ষে ম্যাচটি তাই শুধুমাত্র একটি ম্যাচ নয়। বরং অনেক অবহেলার এক জবাব দেবারও সুযোগ। যদিও মুশফিক তা মনে করেন না। তিনি বরং পুরো ব্যাপারটি দেখতে চান ক্রিকেটীয় দৃষ্টিতেই। এমন কি মুশফিক এই ম্যাচকে ঐতিহাসিক কিছু বলতেও নারাজ।
মুশফিক বলেন, ‘আমার কাছে মনে হয় না এটি ঐতিহাসিক কিছু। এটি বরং সাধারণ অন্য টেস্টগুলোর মতোই একটি ম্যাচ। আমাদের কাজ হবে এই ম্যাচে যতোটা সম্ভব ভালো খেলা। এক দুই বা তিনদিন নয়; আমাদের চেষ্টা থাকবে পুরো পাঁচদিন প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা।’
মুশফিক বলেন, ‘ভারতে আমাদের এমন কিছু করতে হবে, যাতে তারা আমাদের বারবার আমন্ত্রণ জানায়। পাঁচ বছর আগে গেলে এখন যেমন আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো, সেটা কিন্তু পারতাম না। আমি তাই এতো বছর ভারতে খেলতে যাওয়াকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছি।’
মুশফিক মনে করেন, ভারতের বিপক্ষে খেলার চেয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা বেশি চাপের বিষয়। কারণ তাদের সঙ্গে হারলে সেটা খুবই বাজে ব্যাপার হয়।
বাংলাদেশ আর ভারতের কন্ডিশন প্রায় একই রকম হলেও, মুশফিক মনে করেন, হায়দরাবাদের উইকেট একটু বেশিই ব্যাটিং বান্ধব হতে পারে। সে ধরনের কথা মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে অন্যান্য সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়েও আছে প্রস্তুতি। ভারতের বিপক্ষে ভারতেরই মাটিতে প্রথম টেস্টে মুশফিকরা চান, অনেক কিছুই প্রমাণ করতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button