
বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল করছেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, সাকিব বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। তাকে লিখিত আকারে জানাতে বলা হয়েছে।
ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ‘বেট উইনার’ নিউজের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিনি নিজেই। আর তাতেই পড়েছেন ঝামেলায়।
কারণ বেট উইনার একটি আন্তর্জাতিক জুয়ার প্রতিষ্ঠান। এতে দেশজুড়ে বইছে আলোচনা-সমালোচনার ঝড়। নড়েচড়ে বসেছে বিসিবি। যোগাযোগ করা হয় সাকিব আল হাসানের সঙ্গে। জানা যায় এই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ছিন্ন করতে রাজি ছিলেন না বিশ্বসেরা অলরাউন্ডার। কারণ, হিসেবে জানা গেছে বিজ্ঞাপনে যুক্ত হতে সাকিব নিয়েছেন প্রায় ৯ কোটি টাকা। যদিও নানা সূত্রে জানা যায় টাকার পরিমাণ সাড়ে ৬ কোটি।
অন্যদিকে বৃহস্পিবার আরো একবার বিসিবি স্পষ্ট করে জানিয়ে দেয় জুয়া সংশ্লিষ্ট এই প্রতিষ্ঠানের সঙ্গে সাকিব চুক্তি ছিন্ন না করলে তাকে জাতীয় দলে আর খেলতেই দেয়া হবে না। এ বিষয়ে জরুরী এক সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘দেখুন, আমরা তাকে (সাকিব) একটি চিঠি দিয়েছি। গতকাল তার চিঠির উত্তর দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছিল। শুনেছি আজ সে জানাবে। আগে সে জানাক, দেখি, তারপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব। তবে এটুকু বলে রাখছি, বেটিং সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে সম্পর্ক রাখলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না।’




