
জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ): আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছি। কিন্তু নির্বাচিত হওয়ার পর এখন আমি সবার এমপি। যারা আমাকে ভোট দিয়েছে তাদের যেমন এমপি, যারা ভোট দেয়নি তাদেরও এমপি। আমি আমার নির্বাচনী এলাকায় (নিয়ামতপুর, পোরশা, সাপাহার) দলীয় প্রভাবমুক্ত প্রশাসন গড়তে চাই। যা আইন সংগত তাই হবে। আইনের উর্ধ্বে কেউ নয়।
২৫ ফেব্রুয়ারী বুধবার বেলা ৫টায় উপজেলা পরিষদ হল রুমে নিয়ামতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা ও মতবিনিময় সভায়, নওগাঁ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান অতিথি উপজেলা প্রশাসনের সকল দপ্তর প্রধানদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা নির্ভয়ে কাজ করবেন। কোন দলীয় প্রভাব দেখতে চাই না। কোন দলীয় প্রভাব দেখলে আমাকে বলবেন। আমি দেখবো। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছেন, আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই। যেখানে কোন ভেদাভেদ থাকবে না। আইনের শাসন প্রতিষ্ঠা হবে। মাদকমুক্ত,সন্ত্রাসমুক্ত, দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে।
মোঃ মোস্তাফিজুর রহমান আরো বলেন, আমার নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা চাই। আপনাদের সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। নিয়ামতপুর উপজেলার যে সকল সমস্যা যেমন ড্রেনেজ ব্যবস্থা, আইন শৃংখলা, মাদক, চুরি, শিক্ষা, স্বাস্থ্য বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ করবো। যে সমস্ত দপ্তরে জনবল সংকট রয়েছে বা অন্য কোন সমস্যা রয়েছে আপনারা আমাকে নোট দিবেন আমি সেগুলো নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়দের সাথে যোগাযোগ করে সমাধান করবো ইনশায়াল্লাহ।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মুর্শিদা খাতুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজাউল করিম, অফিসার ইন চার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ফয়সাল নাহিদ, উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী মোঃ জাহেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ এনামুল হক, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সাদিকুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, সদস্য আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসনিক বিভিন্ন দপ্তর প্রধানগণ।
পরে মাসিক আইন শৃংখলা, মাসিক সমন্বয় সভা, বাল্য বিয়ে প্রতিরোধ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।




