খেলা

সিরিজ জয় থেকে ৩ উইকেট দূরে পাকিস্তান

জয়ের জন্য এখনো ২৬৪ রান প্রয়োজন শ্রীলঙ্কার। হাতে মাত্র ৩ উইকেট।
চার সেঞ্চুরিতে করাচি টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তান রানের পাহাড় গড়ার সঙ্গে জয়টাও অনেকটা নিশ্চিত করে ফেলেছিল। রবিবার চতুর্থ দিনের খেলা শেষে যে জয় থেকে মাত্র ৩ উইকেট দূরে দাঁড়িয়ে পাকিস্তান। দুই দলের প্রথম টেস্টটি ড্র হয়েছিল। অর্থাৎ এই ম্যাচে জয় মানেই সিরিজ স্বাগতিকদের।
শনিবার ৪৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২১২ রান করে দিন শেষ করেছে শ্রীলঙ্কা। জয়ের জন্য এখনো ২৬৪ রান প্রয়োজন দলটির। সোমবার মাত্র ৩ উইকেট তুলে নিতে পারলেই ১০ বছর পর পাকিস্তানে টেস্ট ফেরার সিরিজটা স্মরণীয় হয়ে যাবে পাকিস্তানের জন্য।
পাকিস্তানের জয়টা এদিনই সম্ভব ছিল। কিন্তু সেটা বিলম্ব করেছেন একজন ওসাদা ফার্নান্দো। টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে ১০২ রানে অপরাজিত আছেন তিনি।
মাত্র ৯৭ রানে ৫ উইকেট হারানোর পর নিরশান ডিকভেলাকে নিয়ে প্রতিরোধ গড়েন ওসাদা। ষষ্ঠ উইকেটে ১০৪ রান যোগ করে এই জুটি। ডিকভেলাকে সরাসরি বোল্ড করে লঙ্কান প্রতিরোধ ভাঙেন হারিস সোহেল। ৭৬ বলে ৬৫ রান করেন তিনি ১১ চারে।
এর আগে লঙ্কানদের কোনো জুটিই ফিফটি পূরণ করতে পারেনি। দিলরুয়ান পেরেরা (৫) পাকিস্তানের বোলারদের সপ্তম শিকার হলে দিনের খেলা শেষ ঘোষণা করা হয়। পাকিস্তানের পক্ষে দিনের সবচেয়ে সফল বোলার ১৬ বছর বয়সী পেসার নাসিম শাহ। নিয়েছেন ৩ উইকেট।
এর আগে লাঞ্চ বিরতেই ৩ উইকেটে ৫৫৫ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দেয় পাকিস্তান। আগের দিন দুই অপরাজিত ব্যাটসম্যান আজহার আলি ও বাবর আজম তুলে নেন সেঞ্চুরি। আজহার ১১৮ করে ফিরলেও বাবর ১০০ রানে অপরাজিত ছিলেন। আগেরদিন দুই ওপেনার আবিদ আলি ১৭৪ ও শান মাসুদ ১৩৫ রানের ইনিংস খেলেছিলেন। তাতে টপ অর্ডারের চার ব্যাটসম্যানের ব্যাট থেকেই আসে সেঞ্চুরি। টেস্ট ইতিহাসে এমন ঘটনা ঘটল মাত্র দ্বিতীয়বারের মতো।
এর আগে ২০০৭ সালে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ভারতের চার টপ অর্ডার ব্যাটসম্যান সেঞ্চুরি করেছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button