ভারতকে হারিয়ে শুভ সূচনা করলো বাংলাদেশ

শক্তিশালী ভারত বধের মধ্যদিয়ে এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ আন্তর্জাতিক হকি টুর্নামেন্টে শুভ সূচনা করেছে বাংলাদেশ। শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতকে ৫-৪ গোলে হারায় বাংলাদেশ। স্বাগতিক দলের আশরাফুল একাই হ্যাটট্রিকসহ করেছেন চার গোল।
ম্যাচের ১৬, ২৭ ও ৩৮তম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন আশরাফুল। ৬২তম মিনিটে ফের গোল করেন তিনি। স্বাগতিক দলের অপর গোলদাতা ফজলে রাব্বী।
এদিন শক্তিশালী ভারতীয়দের কোন ধরনের সমীহ করতে দেখা যায়নি স্বাগতিকদের। দাপটের সঙ্গে খেলে একের পর এক আক্রমণ রচনার মাধ্যমে ব্যতিব্যস্ত করে রাখে সফরকারীদের রক্ষণ ভাগকে। যে কারণে প্রতিআক্রমণই ভারতীয় দলের লড়াইয়ের একমাত্র অবলম্বন হয়ে দাঁড়ায়।
ম্যাচের তৃতীয় মিনিটে প্রথম পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। কিন্তু আরশাদ হোসেনের হিট আটকে দেন প্রতিপক্ষের এক খেলোয়াড়। ১৬তম মিনিটে দ্বিতীয় পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে এগিয়ে যায় স্বাগতিক যুবারা। ফজলে রাব্বীর পুশ নাইম উদ্দিন স্টপ করার পর আশরাফুলের হিট যথাস্থানে পৌঁছে যায়।
২০তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ধর্মিন্দর সিংয়ের করা গোলে সমতায় ফেরে ভারত। আরশাদ সার্কেলের মধ্যে ধর্মিন্দরকে ফেলে দিলে পেনাল্টি স্ট্রোকের সিদ্ধান্ত দেন রেফারি। এর পাঁচ মিনিট পর কনজেংবাম সিংয়ের গোলে এগিয়ে যায় ভারত। ধরর্মিন্দরের হিটে আলতো করে স্টিক ছুঁইয়ে সফল হন তিনি।
২৭তম মিনিটে প্রথম আম্পায়ার পেনাল্টি স্ট্রোকের সিদ্ধান্ত দিলেও পরে দুই আম্পায়ারের আলোচনায় পেনাল্টি কর্নায় পায় বাংলাদেশ। রাজুর পুশ নাইম স্টপ করার পর আশরাফুলের গতিময় হিট জালে জড়ায়। এতে সমতায় ফেরে বাংলাদেশ।
পাঁচ মিনিট পর স্বাগতিক দল টানা দুটি পেনাল্টি কর্নার কাজে লাগাতে পারেনি ভারত গোলরক্ষক পঙ্কজ কুমারের দৃঢ়তায়।
দ্বিতীয়ার্ধের শুরুতে ফের পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। ৩৮তম মিনিটে ফজলে রাব্বীর পুশ আশরাফুল স্টপ করে দেখে-শুনে নিখুঁত হিটে স্কোর লাইন ৩-২ করে দেন। দশ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়িতে নিতে পারতো বাংলাদেশ। কিন্তু রাব্বীর পুশ নাইম স্টপ করার পর আশরাফুলের হিট বাইরে দিয়ে বেরিয়ে যায়। একটু পরই হার্দিক সিং রিভার্স হিটে লক্ষ্যভেদ করলে সমতায় ফেরে ভারত।
এ সময় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই শিবিরে। ৫০তম মিনিটে রাব্বীর গোলে ফের এগিয়ে যায় বাংলাদেশ। রুম্মনের বাড়ানো বলে রাব্বী স্টিক ছুঁইয়ে অতিথি গোল রক্ষক পঙ্কজকে পরাস্ত করেন। দুই মিনিট পর দিলপ্রিত সিংয়ের কোনাকুনি রিভার্স হিটে ফের সমতায় ফেরে ভারত (৪-৪). ম্যাচের ৬২তম মিনিটে আশরাফুলের গোলে ফের এগিয়ে যায় বাংলাদেশ। রাব্বীর পুশ নাইম স্টপ করার পর দারুণ হিটে লক্ষ্যভেদ করেন জাতীয় দলের এই ডিফেন্ডার। ফলে ৫-৪ গোলের জয়ে মাঠ ছাড়ে স্বাগতিক দল।
পুল-এ’তে স্বাগতিক বাংলাদেশ আগামী ২৭ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের মুখোমুখি হবে । নয়া দিগন্ত




