sliderস্থানিয়

বোয়ালমারীতে সরকারি জমি বিক্রির দায়ে ভূমি অফিসের কর্মচারীর জরিমানা 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : বোয়ালমারীতে সরকারি জমি বিক্রির অপরাধে ভূমি অফিসের কর্মচারী মাসুদ খানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় সে অপরাধ স্বীকার করে মুচলেকা দেয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ।
রোববার (০৮.০২.২৬) দুপুরে সহকারী কমিশনারের কার্যালয়ে আদালত পরিচালনা করা হয়। ওই জমিতে লাল নিশান টাঙ্গিয়ে দেওয়া হয়েছে। মাসুদ খান আলফাডাঙ্গা পৌর ভূমি অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত আছে এবং তার বাড়ি বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বড়গাঁ গ্রামে।

জানা যায়, উপজেলার শেখর ইউনিয়নের বারাংকুলা মৌজার ১নং খাস খতিয়ানের ৬৮৪ নাম্বর দাগের মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশে ৫ শতক সরকারি খাস জমি মাসুদ খান ৩ লক্ষ ৯০ হাজার টাকায় বিক্রি করেন একই এলাকার চাঁন চৌকিদার ও তার মেয়ে আন্না সুলতানার কাছে। চাঁন চৌকিদার ওই জমিতে মাটি ভরাট করতে গেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ খবর পেয়ে তহশিলদারকে পাঠিয়ে মাটি ভরাট কাজ বন্ধ করে দেন। পরে মাসুদ খানকে খবর দিয়ে অফিসে এনে ভূমি অপরাধ আইনে জরিমানা করেন এবং মুচলেকা নেন।

সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ বলেন, সরকারি জমি বিক্রির অপরাধে মাসুদ খানকে ভূমি আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় লিখিত নেওয়া হয়; সে আর সরকারি জমি বিক্রি করবে না। ওই জমিতে লাল নিশান টাঙ্গিয়ে দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button