
তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
শুক্রবার দুপুরে উপজেলার গুনবহা ইউনিয়নের মধুমতি নদী হতে কামারগ্রাম স্লুইচগেট পর্যন্ত খাল পুনঃখনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। উল্লেখ্য, প্রকল্পটি ২৪ এপ্রিল শুক্রবার উদ্বোধন করা হয়। এটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে পরিচালিত হবে।
দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
উদ্বোধনকালে মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন,খাল পুনঃখননের মাধ্যমে গ্রামীণ জনপদের পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষকদের জন্য সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। তিনি আরও বলেন, সরকারের এই উদ্যোগ দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
খাল খনন শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জায় সাহা।
বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা সার্কেল মো. আজম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, সহাকরি কমিশনার ভূমি শিব্বির আহমেদ, অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন প্রমুখ। এছাড়া সেখানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।




