
ভর্তি পরীক্ষা উপলক্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের থাকার সুনিশ্চিত ব্যবস্থাসহ তিন দফা দাবি মেনে নিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (০৬ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ আন্দোলনস্থলে এসে দাবি মেনে নেয়ার ঘোষণা দেন।
এর আগে তিন দফা দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।
বুধবার (৬ নভেম্বর) বেলা ১২টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল নিয়ে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবি জানায়।
তাদের তিন দফা দাবি হচ্ছে, ভর্তি পরীক্ষা চলাকালীন ভর্তিচ্ছুকদের হলে থাকার অনুমতি প্রদান, বিগত সময়ে ভর্তি জালিয়াতির সাথে জড়িত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ভর্তি পরীক্ষার সময় ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা ও আন্দোলনের সাথে জড়িতদের হয়রানি বন্ধ করা।




