বুধবার রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন সাকিব

বেরোবি প্রতিনিধি : দিনব্যাপী ক্রিকেট কর্মশালায় অংশ নিতে বুধবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আসছেন বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের গৌরব সাকিব আল হাসান। উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ মঙ্গলবার লোক প্রশাসন বিভাগের আয়োজনে জনপ্রশাসন জার্নালের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এ ক্রিকেট কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেবে। এ কর্মশালায় উপস্থিত থাকার পাশাপাশি শিক্ষার্থীদের নিজের ক্রিকেট অভিজ্ঞতাসহ বিভিন্ন তথ্য দেবেন সাকিব।
এদিকে সাকিব আল হাসানের আগমন উপলক্ষে ক্রিকেটভক্ত বেরোবির শিক্ষার্থীসহ রংপুরের সাকিব ভক্তরা আনন্দ প্রকাশ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্রিকেট আইকন সাকিবের আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।




