বিনোদন

বিয়ের পর চুম্বনদৃশ্য? দীপিকা বললেন, ছি!

ছয় বছর চুটিয়ে প্রেমের পর গত মাসে বিয়ের পিঁড়িতে বসেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ইতালির লেক কোমোতে দুই রীতিতে তাঁদের বিয়ের অনুষ্ঠান হয়—কোঙ্কনি ও সিন্ধি রীতিতে। ভারতে হয় তিনটি বিবাহোত্তর অভ্যর্থনা অনুষ্ঠান। ১ ডিসেম্বর চলচ্চিত্র অঙ্গনের বন্ধু ও সহকর্মীদের জন্য আয়োজিত হয় বিশেষ পার্টি।
বিয়ের রাজকীয় নানা অনুষ্ঠানের পর এখন দীপিকা-রণবীর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। ভক্তরা তাঁদের দীপবীর বলে ডাকেন। রণবীর এখন তাঁর অভিনীত আসন্ন ‘সিম্বা’র প্রচারণা নিয়ে ব্যস্ত।
এক সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোন তাঁর সদ্য বিবাহিত জীবন নিয়ে খোলামেলা আলাপ করেছেন। বিয়ের পর এখন অনেক কিছুই বদলে গেছে। মানুষ বিয়েকে কেন্দ্র করে অনেক কিছুই নিজের মতো করে ভেবে নেন। এ সব বিষয় নিয়েও আলাপ হয়।
যখন দীপিকাকে জিজ্ঞেস করা হয়, এর পর কি আর তিনি চুম্বনদৃশ্যে অভিনয় করবেন? ‘পদ্মাবত’ তারকা স্বভাবসুলভ ভঙ্গিতে বলে ওঠেন, ‘ছি… আমাদের জাস্ট ৫০ বছর পিছিয়ে যেতে হবে। আমরা শিগগিরই জানতে পারব।’
অনেক অভিনেত্রীই সিনেমায় চুক্তির সময় চুম্বনের দৃশ্যে অভিনয় করবেন না, এমন শর্ত দেন। অন্যতম কারণ হিসেবে বিয়েকে গণ্য করা হয়। সাইফ আলি খানকে বিয়ের পর চুম্বনদৃশ্যে অভিনয় করতে অস্বীকৃতি জানান কারিনা কাপুর। কিন্তু পরে তিনি এই শর্ত থেকে বেরিয়ে আসেন। ‘কি অ্যান্ড কা’ সিনেমায় অর্জুন কাপুরের সঙ্গে তিনি চুমুর দৃশ্যে অভিনয় করেন।
ব্যাখ্যা দিয়ে কারিনা সংবাদমাধ্যম ডিএনএকে বলেছিলেন, ‘আমি মনে করি, সামান্য বিষয় নিয়ে অহেতুক হৈচৈ হয়। সামান্য চুমু নিয়েও কথা চালাচালি হয়, যেখানে কথা বলার মতো আরো কত বিষয় আছে। সবাই এ ব্যাপারটি নিয়ে বেশি কথা বলে, আর তাই আমি এ বিষয়টি পরিষ্কার করতে চাই।’
‘যখন আমরা কোনো বিবৃতি দিই, নিশ্চয়ই এর অর্থ থাকে। কিন্তু কয়েক বছর পর ওই কথাটি ফিকে হয়ে যায়। বয়সের সঙ্গে সঙ্গে জ্ঞানও বাড়ে, আমরা আরো পরিপক্ব হই; আমাদের চিন্তাধারা, জীবনদর্শনও বদলায়। তাই যখন আমরা কোনো কিছু বলি, তা ওই সময়ের বিশ্বাস থেকেই বলি; আবার যখন তা বদলে ফেলি, তখনো। যখন সাইফকে বিয়ে করি, যেহেতু আমরা বিবাহিত, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম স্ক্রিনে কিছু জিনিস করব না, এর মধ্যে চুম্বনও ছিল। আর আমি মনে করি, তা হয়েছিল নতুন দম্পতি ছিলাম বলেই,’ বলেন কারিনা।
অভিষেক বচ্চনকে বিয়ের পর সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই সিনেমায় চুম্বনদৃশ্যে অভিনয় করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন। সূত্র : বলিউড লাইফ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button