
কম্বোডিয়ায় ২৪ তম ইউসিমাস এ্যাবাকাস ও মেন্টাল অ্যারিথমেটিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় মাত্র ৮ মিনিটে ২০০ অংকের সমাধান করে বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশের ১৬ শিশু। গত ৭ ও ৮ ডিসেম্বর কম্বোডিয়ার ফেনম পেং এর দ্য প্রিমিয়াম সেন্ট্রাল সেন সক্ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই প্রতিযোগিতায় বিশ্বের ৫০ টি দেশের ৫ হাজার ছাত্র-ছাত্রী অংশ নেন। এখানে বাংলাদেশের বিভিন্ন লেভেলের ১৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে বিজয় ছিনিয়ে নেয়।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘ইউসিমাস বাংলাদেশ’ এর উদ্যোগে বিজয়ী বাংলাদেশের শিশুদের সংবর্ধনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে পুরস্কার হিসেবে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক এবং প্রশংসা পত্র তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিমাস বাংলাদেশ এর চেয়ারম্যান ও ন্যাশনাল ফ্রানচাইজি মোঃ আহসান কবির, পরিচালক জান্নাতুল ফেরদৌসী এবং উপদেষ্টা আনোয়ারুল হক প্রমুখ।
আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের ক্ষুদে জিনিয়াস তাহমিদ আল আসাদ। প্রথম রানারআপ হয়েছে শেখ ইসতিয়াক আহমেদ, আহমেদ নওফেল জাকি, জারা নাসরা দাইয়ান, বিবেক দেবনাথ, দ্বিতীয় রানার আপ হয়েছে আহনাফ মুনতাসির, এস কে সুমাইয়া রহমান নিরা, শেখ রাইয়ান আহমেদ, দিয়ানাহ দিফাআ, ইশরাক তানভির, ব্রিজেশ দেবনাথ, তৃতীয় রানার আপ হয়েছে আনিসা মেহজাবিন শোহা, রুদাকি সোবহান, নামিরা কাজী, ইবনুল আদিব এব মেরিট তালিকায় রয়েছে তামজিল আল আসাদ ।




