বিশ্বকাপ বাছাই পর্বে হেঁচট খেয়েছে আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাই পর্বে পেরুর মাঠে মেসিকে ছাড়াই খেলতে নামা আর্জেন্টিনা হেঁচট খেয়েছে। নিজেদের মাঠে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে পেরু। খেলায় দুই বার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি আর্জেন্টিনা। খেলাটি ড্র হয়েছে ২-২ গোলে।
বাংলাদেশ সময় শুক্রবার সকালে পেরুর রাজধানী লিমার জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচে ড্রয়ের ফলে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে অনেকটাই পিছিয়ে পড়লো আর্জেন্টিনা। আর্জেন্টিনার অবস্থান এখন পঞ্চম। দক্ষিণ আমেরিকা থেকে প্রথম চারটি দল সরাসরি ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে খেলবে। পঞ্চম দলটির বিশ্বকাপে সুযোগ পেতে ওশিয়ানিয়া অঞ্চলের সেরা দলের সঙ্গে প্লে-অফ খেলতে হবে।
কুচকির চোটে মেসি না থাকলেও আর্জেন্টিনার আক্রমণভাগ ছিল তারকায় ভরপুর। তবে ম্যাচের শুরু থেকেই আক্রমণে যায় পেরু। খেলার ১০ মিনিটে পেরুর রেনাতো তাপিয়ার হেড পোস্টের কিছুটা বাইরে দিয়ে যায়। এরপর খেলার ১৬ মিনিটে আর্জেন্টিনার ২৫ বছর বয়সী রক্ষণভাগের রামিরো ফুনেস মোরি কর্নার থেকে বল পেয়ে দেশের হয়ে প্রথম গোল করেন।
১-০ ব্যবধানে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে আরো আক্রমণাত্মক হয়ে ওঠে পেরু। শুরু থেকে একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত পেরুর হয়ে দিত্বীয়ার্ধের প্রথম গোলটি করেন অধিনায়ক পাওলো গেররেরো গনসালেস। ৭৭তম মিনিটে আবারে এগিয়ে যায় আর্জেন্টিনা। দুর্দান্ত গোল করেন হিগুয়েইন। পরে ৮৪তম মিনিটে পেরুর ক্রিস্তিয়ান কুয়েভার পেনাল্টি থেকে গোল করলে খেলায় সমতা আসে। খেলার বাকি সময়ে আর গোল হয়নি। এই ড্রয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আর্জেন্টিনা।
বাছাই পর্বের আগের ম্যাচে নেইমারের নৈপুণ্যে পেরুকে উড়িয়ে দেওয়া ব্রাজিল ১৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ১৯ পয়েন্ট নিয়ে নবম রাউন্ড শেষে শীর্ষস্থান ধরে রেখেছে উরুগুয়ে। এছাড়াও একুয়েডর আছে তৃতীয় এবং কলম্বিয়া আছে চতুর্থ স্থানে।




