বিশ্বকাপের সব ভেন্যুতে রোহিঙ্গাদের জন্য প্ল্যাকার্ড

গোলাম আজম খান
কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে নাইজেরিয়ান ফুটবলার এমেকা ইউজিগো শিশু ও কিশোরদের নিয়ে ফুটবল খেলছেনকক্সবাজার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে নাইজেরিয়ান ফুটবলার এমেকা ইউজিগো শিশু ও কিশোরদের নিয়ে ফুটবল খেলছেন
রোহিঙ্গাদের জন্য বিশ্ব জনমত গড়ে তুলতে ও মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে রোহিঙ্গা ক্যাম্পে ছুটে এসেছেন বিশ্বকাপ ফুটবলে নাইজেরিয়ার প্রতিনিধিত্ব করা এমেকা ইউজিগো। কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থীদের সাথে তিনি বৃহস্পতিবার বিকেলে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলেছেন। এর আগে তিনি শরণার্থী ক্যাম্প ঘুরে দেখেন এবং রোহিঙ্গাদের সাথে কথা বলেন। প্রীতি ফুটবল ম্যাচে রোহিঙ্গাদের সাথে ফুটবল খেলেন তিনি। এ সময় ১-১ গোলের চমৎকার ম্যাচ শেষে খেলোয়াড়দের মাঝে ট্রফি, পদক, জার্সি, ফুটবলসহ ক্রীড়াসামগ্রী বিতরণ করেন তিনি।
বিশ্বকাপ ফুটবলের তারকা খেলোয়াড় এমেকা ইউজিগো মানবিক কারণেই রোহিঙ্গাদের পাশে এসে দাঁড়িয়েছেন উল্লেখ করে সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের জন্য বিশ্ব জনমত গড়ে তুলতে আগামী মাসে অনুষ্ঠিতব্য রাশিয়া বিশ্বকাপের সব ভেনুতে রোহিঙ্গাদের জন্য বিশেষ প্ল্যাকার্ড প্রদর্শন করবেন তিনি। বিশ্বব্যাপী খেলোয়াড়দেরও তিনি এ ব্যাপারে উদ্বুদ্ধ করবেন। এ ছাড়া রোহিঙ্গাদের জন্য তহবিল গঠন করারও উদ্যোগ নিয়েছেন তিনি।
এ সময় তার সাথে ছিলেন, ওয়ার্ল্ড ফুটবলার্স ফোরামের আহ্বায়ক ড. আব্দুল ওয়াদুদ, যুগ্ম আহবায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মো: কায়সার হামিদ, আবাহনীর সাবেক অধিনায়ক চুন্নু, জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার হাসান, আলমগীর, ইমতিয়াজ পারভেজ, ইমরানসহ সাবেক ও বর্তমান ফুটবলাররা।
রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে আমেরিকা থেকে ভারতের কলকাতা হয়ে বাংলাদেশে ছুটে আসেন তিনি। গত সোমবার সকাল ৮টায় ঢাকা হাতিরপুলে পিকামলি সেন্টার থেকে জাতীয় প্রেস ক্লাব যান তিনি। এরপর গত বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে প্রথমে কক্সবাজার জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর ছুটে যান রোহিঙ্গা ক্যাম্পে।




