আন্তর্জাতিক সংবাদ

বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চমক ওবামার

একসঙ্গে ২৫ বছর কাটিয়ে ফেলেছেন। ব্যস্ততার জেরে এত দিন সময় দিতে পারেননি। তবে এখন তিনি ঝাড়া হাত পা। স্ত্রী মিশেলকে তাই পুষিয়ে দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার তাদের বিবাহবার্ষিকী ছিল। ওই দিনই পেনসিলভ্যানিয়ায় নারী অধিকার-সংক্রান্ত একটি সম্মেলনে বক্তৃতা দিচ্ছিলেন সাবেক ফার্স্টলেডি। সেখানে টিভি স্ক্রিনে আচমকাই আবির্ভূত হন বারাক ওবামা।
দু’‌মিনিটের একটি ভিডিওয় স্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন ওবামা। বললেন, ‘‌জানি তুমি খুব ব্যস্ত। গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে গেছ। কিন্তু একটু বাধা দিতেই হলো। আমাদের বিবাহ ২৫ বছর পূর্ণ হলো যে!‌ এই ২৫ বছরে তুমি সবসময় আমার পাশে থেকেছ। অসম্ভব ধৈর্য তোমার। তুমিই আমার সবচেয়ে কাছের বন্ধু। তুমি এমন মানুষ, যে আমাকে হাসায়, সঠিক পথ দেখায়। আমাদের দুই কন্যাই নয়, সমগ্র দেশবাসীর কাছে তুমি উদাহরণ।’‌
সকলের সামনে নিজের প্রশংসা শুনে অভিভূত হয়ে পড়েন মিশেল। নিজের টুইটার অ্যাকাউন্টে স্বামীকে পাল্টা শুভেচ্ছা জানান তিনি। বিয়ের সাদা কালো একটি ছবি পোস্ট করে লেখেন, ‘‌বিবাহবার্ষিকীর শুভেচ্ছা তোমাকে। এক শতাব্দির সিকিভাগ একসঙ্গে কাটিয়ে ফেলেছি আমরা। আজও তুমিই আমার প্রিযবন্ধু। একজন অসাধারণ পুরুষ। আমি তোমাকে ভালোবাসি।’‌
শিকাগোর একটি আইনি সংস্থায় কর্মরত অবস্থায় ১৯৮৯ সালে মিশেল রবিনসন ও বারাক ওবামার সাক্ষাৎ। তার দু’‌বছর পর ১৯৯২ সালে বিয়ে করেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button