বিপিএলে তারকা ক্রিকেটাররা কে কোন দলে

বিপিএলের চতুর্থ আসরে থাকছেন দুনিয়া কাপানো ক্রিকেট তারকারা। তাদের কেউ কেউ ইতিমধ্যেই বিভিন্ন দলের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, বাকিদের প্লেয়ার ড্রাফটের মাধ্যমে বেছে নেবে দলগুলো।
প্লেয়ার্স ড্রাফটের বাইরে গিয়ে এখনও পর্যন্ত ৩২ বিদেশি ক্রিকেটার বিপিএলের সাতটি দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। এর বাইরে বাকিরা ৩০ সেপ্টেম্বর বিপিএলের প্লেয়ার্স বাই চয়েজে উঠবে। ক্রিস গেইলকে চুক্তিবদ্ধ করেছে চিটাগাং ভাইকিংস। টুর্নামেন্টের মাঝামাঝি তিনি আসবেন চিটাগাংয়ের হয়ে খেলতে। যথারীতি এবারো বিপিএলে আধিক্য থাকবে পাকিস্তানি তারকাদের। গেলবার সিলেটের হয়ে খেলা শহিদ আফ্রিদি এবার খেলবেন রংপুরে। তার সঙ্গে ওপেনার শারজিল খান, বাবর আজম আর মোহাম্মদ শেহজাদ খেলবেন সৌম্য সরকারদের দল রংপুরের হয়ে।
দারুণ ফর্মে থাকা পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিমকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তার সঙ্গে পাকিস্তানি সোহেল তানভীর ও গতবারের টুর্নামেন্ট সেরা আজহার জায়েদিও থাকছেন এই দলে। গেলবারের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছেড়ে এবার চিটাগাং ভাইকিংসে নাম লিখিয়েছেন শোয়েব মালিক।
ঢাকা ডায়নামাইটসের খেলোয়ার তালিকাও বেশ সমৃদ্ধ। লংকান দুই লিজেন্ড কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে ছাড়াও দলটিতে খেলবেন আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো ও রবি বোপারারা। এছাড়া পাকিস্তানের মিসবাহ-উল-হক, মোহাম্মদ হাফিজ; দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, নিউজিল্যান্ডের গ্র্যান্ট এলিয়ট, নেদারল্যান্ডসের রায়ান টেন ডয়েশ্চেট, শ্রীলংকার সেকুগে প্রসন্ন, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ও লেন্ডন সিমন্সরা থাকছেন ড্রাফটে।



