
মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি-২৯৯ সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম.এ.বাশারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অবাঞ্ছিত ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ, রাঙ্গামাটি জেলা শাখার ।
রোববার (৮ ফেব্রুয়ারি) জেলা শাখার এক জরুরি সভায় সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে তাঁর প্রতি দলের সকল ধরনের সমর্থন প্রত্যাহার করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, এম. এ. বাশারের বিরুদ্ধে দলীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে অসহযোগিতা, সাংগঠনিক নির্দেশনা অমান্য, গোপন ষড়যন্ত্রে লিপ্ত থাকা এবং ব্যক্তিগত স্বার্থে রাজনীতি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
একই সঙ্গে জেলা শাখার পক্ষ থেকে সকল নেতাকর্মীকে তাঁর পক্ষে কোনো ধরনের নির্বাচনী কর্মকাণ্ডে অংশ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে রাঙ্গামাটি-২৯৯ আসনে বিএনপি-গণঅধিকার জোট শরিক প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে গণঅধিকার পরিষদ।
জেলা শাখার নেতৃবৃন্দ জানান, ধানের শীষ প্রতীকের প্রার্থী দীপেন দেওয়ানের পক্ষে প্রচারণা, সহযোগিতা ও মাঠপর্যায়ের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে সকল নেতাকর্মীকে নির্দেশনা দেওয়া হয়েছে। গণঅধিকার পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার নেতারা আরও বলেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও গণতান্ত্রিক রাজনীতির ধারাবাহিকতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তারা সকল নেতাকর্মী ও সাধারণ জনগণকে দলীয় সিদ্ধান্ত মেনে চলা এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে একযোগে কাজ করার আহ্বান জানান।



