বালিয়াডাঙ্গীতে জমির বিরোধে ৮০ বছরের বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও : জমি সংক্রান্ত বিরোধের জেরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় সমশের আলী নামে ৮০ বছরের এক বৃদ্ধকে গভীর রাতে ঘর থেকে বের করে মাথায় কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ৩০ নভেম্বর বুধবার রাতের তিনটার সময় বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সাধুবান্দা গ্রামে এ ঘটনা ঘটে। বৃদ্ধ ঐএলাকার মৃত বসির মুন্সির ছেলে। সে সাধুবান্ধা পুকুর পারের গুচ্ছগ্রামে বসবাস করে আসছিলেন।
স্থানীয়রা জানান, গত ৩০ নভেম্বর বুধবার সকালে প্রতিবেশী খমির উদ্দীনের ছেলে রহিম উদ্দীনের সাথে জমি নিয়ে বিরোধে জেরে দুপক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এতে হত্যাকাণ্ডের শিকার বৃদ্ধ সমশের আলীর ৬/৭ জন গুরুতর আহত হয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এরই মধ্যে ৩০ নভেম্বর বুধবার গভীর রাতে রহিম উদ্দীন ও তার সাথে ৭/৮ জন লোক এসে সমশের আলীকে ঘর থেকে বের করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বারান্দায় বের করার পর চিৎকার দিলে তার মাথায় কোপ মেরে পালিয়ে যায়, রহিম উদ্দীন ও তার লোকজন। এতে ঘটনাস্থলেই মারা যায় ঐ বৃদ্ধ।
নিহত বৃদ্ধের ছেলে ফজিল উদ্দীন বলেন, রাতে আমার মা হত্যাকারীদের চিনতে পেরেছেন। আমি তাদের চিকিৎসা কাজে আমি ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ছিলাম। রাতে খবর পেয়ে বাড়ীতে ছুটে এসেছি। এ ঘটনায় বাবাকে হত্যার বিচার চান তিনি।
তবে এমন ঘটনার জন্য পুলিশের অবহেলা দেখছেন দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহেল রানা। তাঁর অভিযোগ, পুলিশ ৩০ নভেম্বর বুধবার সকালের ঘটনায় ব্যবস্থা নিলে রাতে এ হত্যাকাণ্ড ঘটতো না। মারধরের ঘটনা মানেই আইনশৃংখলার অবনতি।




