বাবরি মসজিদ নিয়ে স্বরার মন্তব্যে আদালত অবমাননা হয়নি

বলিউড তারকা স্বরা ভাস্করের বিরুদ্ধে আদালত অবমাননার জন্য ফৌজদারি ব্যবস্থা নেওয়ার অনুমতি দিলেন না অ্যাটর্নি জেনারেল কেকে ভেনুগোপাল।
হিন্দুস্তান টাইমস জানায়, ফেব্রুয়ারিতে এক আলোচনা সভায় বাবরি মসজিদ সম্পর্কিত সুপ্রিম কোর্টের রায় নিয়ে মন্তব্য করেন স্বরা। সেই মন্তব্যের জেরেই আইনজীবী অনুজ সাক্সেনা অভিনেত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছিলেন।
আদালত অবমাননা আইন ১৯৭১-এর ১৫ নম্বর ধারা অনুসারে স্বরার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন অনুজ।
আইনজীবীর ই-মেইলের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, “স্বরা তার বক্তব্যের প্রথম অংশে যা বলেছেন তা আমার মনে হয় বাস্তব তথ্যমূলক এবং স্পিকারের নিজের ধারণা। সুপ্রিম কোর্টের রায় নিয়ে যে মন্তব্য করা হয়েছে সেটি প্রতিষ্ঠানের ওপর আক্রমণ নয়। সেটি সরাসরি সুপ্রিম কোর্টের ওপর কোনো মন্তব্য নয়, অথবা এমন কিছু নয় যা সুপ্রিম কোর্টের ভাবমূর্তিকে কালিমা লিপ্ত করবে কিংবা এই মহান প্রতিষ্ঠানের মর্যাদা হ্রাস করবে।”
আরও বলেন, “দ্বিতীয় অংশের বয়ান কোনো বিশেষ আদালতের সঙ্গে সম্পর্কিত নয় এবং সেটি একটা সার্বিক মত, যার ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আমার মনে হয় না এটা এমন কোনো বিষয় যেখানে আদালতের ভাবমূর্তি কালিমালিপ্ত করবার চেষ্টা করা হয়েছে অথবা আদালতের গরিমা ক্ষুণ্ন করবার প্রয়াস হয়েছে।”
অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সুপ্রিম কোর্টের ‘ঐতিহাসিক রায়’ নিয়ে ‘আর্টিস্ট এগেনস্ট কমিউনালিজম’ নামের এক আলোচনা সভায় যোগ দিয়ে স্বরা বলেন, “আমরা এমন একটা দেশে বাস করছি যেখানে আমাদের দেশের সুপ্রিম কোর্ট একটি রায়ে বলেছে বাবরি মসজিদ ধ্বংস করা বেআইনি এবং একই রায়ে রিওয়ার্ড (পুরস্কার) দেওয়া হয়েছে সেই সব মানুষগুলোকে যারা সেই মসজিদ ভেঙেছে।”
স্বরার এই মন্তব্য ঘিরেই বিতর্কের ঝড় উঠে সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ জানানো হয় অ্যাটর্নি জেনারেল বরাবর। এবার স্বরা বিরুদ্ধে আদালত অবমাননা মামলার অনুমতি দিলেন না ভেনুগোপাল।




