
মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান । শনিবার (৬ জুন) সকালে তিনি হাসপাতালটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখে স্বাস্থ্যসেবার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে জেলা পরিষদ চেয়ারম্যান হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ, পুরুষ ও মহিলা ওয়ার্ডসহ বিভিন্ন সেবা ইউনিট ঘুরে দেখেন। এ সময় তিনি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ এবং হাসপাতালের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
তিনি চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন এবং চিকিৎসা কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হলে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। স্বাস্থ্যখাতের বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।”
এ সময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য, বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা , হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
পরিদর্শন শেষে হাসপাতালের সেবার মান আরও উন্নত করা এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য ও কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন জেলা পরিষদ চেয়ারম্যান।




