
মোঃ আব্দুজ জাহের,বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের আওতাধীন রিভারঘাট পোস্ট সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) চৌমুহনী এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান, মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর এম. শাহিনুর রহমান এবং বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মজুমদার।
এছাড়াও অনুষ্ঠানে চৌমুহনী জামে মসজিদ কমিটির সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রিভারঘাট পোস্ট সড়কটি চলাচলের জন্য উন্মুক্ত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সড়কটি এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় মানুষের চলাচল ও দৈনন্দিন কর্মকাণ্ডকে আরও সহজ করবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের মতে, নতুন সড়কটি চালু হওয়ায় দুর্গম এ এলাকার যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষ এর সুফল ভোগ করবেন।




