
মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মো. শাজাহান নামে এক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৩ জুন) বিকেল প্রায় ৫টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রান্নার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পুরো বাড়ি আগুনের কবলে পড়ে। খবর পেয়ে স্থানীয় গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন।
এদিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ২৭ বিজিবি মারিশ্যা জোনের সহকারী পরিচালক এডি হাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির দুটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
অগ্নিকাণ্ডে শাজাহানের বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘরসহ মোট তিনটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। ঘরের আসবাবপত্র, গৃহস্থালির সামগ্রী এবং অন্যান্য মূল্যবান সম্পদ পুড়ে যাওয়ায় প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, বাঘাইছড়ি উপজেলায় ২০১৮ সালে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য জমি অধিগ্রহণ করা হলেও দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও স্টেশন নির্মাণে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে স্থানীয়দের নিজেদের ওপরই নির্ভর করতে হচ্ছে।
স্থানীয়দের দাবি, জনস্বার্থে বাঘাইছড়িতে দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনায় জানমাল রক্ষায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়।




