খেলাশিরোনাম

বাংলাদেশের বিশ্বকাপ জার্সি পরিবর্তন হচ্ছে

শেষ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জার্সি পরিবর্তনের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আজ মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিশ্চিত করেছেন খবরটি।
ধানমণ্ডিতে নিজ কার্যালয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি পরিবর্তনের অনুমতি দিয়েছে আইসিসি। নতুন জার্সি পরেই বিশ্বকাপে খেলবে ক্রিকেটাররা।’
গতকাল সোমবার বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন হয়। কিন্তু সবুজ জার্সিতে লালের কোনো ছোঁয়া না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। তাই জার্সি পাল্টাতে আইসিসির দ্বারস্থ হয় বিসিবি।
এর আগে বিশ্বকাপের জন্য দুই রঙের আলাদা দুটি জার্সি করা হয়েছিল। সবুজ রঙের জার্সির পাশাপাশি লাল রঙের আরেকটি জার্সি তৈরি করা হয়। অবশ্য সব সময় বাংলাদেশ দলের জার্সিতে জাতীয় পতাকার সবুজ ও লাল রং প্রাধান্য দেওয়া হতো। এবার সবুজ জার্সিতে লালের কোনো ছোঁয়া নেই। যে কারণে এত সমালোচনা।
ইংল্যান্ড বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩০ দিন বাকি। তবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রাটা শুরু হচ্ছে একটু আগেই। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল। আগামীকাল বুধবার এই সিরিজ খেলতে আয়ারল্যান্ডের উদ্দেশে রওনা হবেন মাশরাফিরা। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় বাংলাদেশ দলের এবারের বিশ্বকাপ জার্সি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন টাইগারদের জার্সি উন্মোচন করেন।
আগামী ৩০ মে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। আসরে বাংলাদেশ প্রথম মাঠে নামবে ২ জুন। সে ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button