
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিশ্বে বাংলাদেশের অগ্রযাত্রাকে ইতিবাচকভাবে তুলে ধরতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
মন্ত্রী রোববার রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত ‘সিপিডি বাজেট ডায়ালগ ২০১৬’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
বাংলাদেশ এমডিজি’র সবক’টি লক্ষ্য অর্জনে সফলতা দেখিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়, ২০৩০ সালের মধ্যে দারিদ্র্যমুক্ত এবং ২০৪০ সালের মধ্যে উন্নত ১০টি দেশের কাতারে শামিল হওয়ার লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে।
অর্থনীতিবিদ এম সাইদুজ্জামানের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, অর্থ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড .আবদুর রাজ্জাক এবং সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
পরিকল্পনামন্ত্রী গত সাত বছরে দেশের অগ্রগতির বিভিন্ন সূচকের তুলনামুলক চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশের অগ্রগতির সব ধরণের উপাদান রয়েছে। বর্তমানে বাংলাদেশে ৭৬ ভাগ কর্মক্ষম জনসংখ্যা রয়েছে। মাত্র এক দশক আগেও আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার ছিল ২২ হাজার কোটি টাকা। বর্তমানে এর আকার বৃদ্ধি পেয়ে এক লাখ ১০ হাজার কোটি টাকা অতিক্রম করেছে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডি নির্বাহী পরিচালক প্রফেসর মুস্তাফিজুর রহমান। বাসস




