Uncategorized

বদরগঞ্জ পৌর মেয়রকে ১১ কাউন্সিলরের উকিল নোটিশ

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জ পৌর সভার মেয়র উত্তম কুমার সাহাকে ১১ কাউন্সিলরের পক্ষ থেকে পৃথকভাবে ১১টি উকিল নোটিশ প্রেরণ করা হয়েছে। ১২ আগস্ট তাদের পক্ষে রংপুর জজ কোর্টের আইনজীবি এডভোকেট মোকসেদুল হক ওই উকিল নোটিশ প্রেরণ করেন। যাদের পক্ষে ওই উকিল নোটিশ প্রেরণ করা হয়েছে তারা হলেন- ১নং ওয়ার্ডের একরামুল হক, ২নং ওয়ার্ডের ইউনুছ খান, ৩নং ওয়ার্ডের খায়রুল আনাম কহিনুর, ৪নং ওয়ার্ডের নীলকান্ত পাইকাড়, ৫নং ওয়ার্ডের খোকন কুমার দাস, ৬নং ওয়ার্ডের মিজানুর রহমান, ৭নং ওয়ার্ডের তহিদুল ইসলাম বাবু, ৮নং ওয়ার্ডের মাও. মোকছেদুর রহমান, ৯নং ওয়ার্ডের মোকছেদুল হক, সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর আজিমা বেগম ও মিতু রাণী দাস।
উকিল নোটিশে বলা হয়েছে- ২৪ জুন সাংবাদিক সম্মেলন করে পৌর মেয়রের দুর্নীতির খতিয়ান সাংবাদিকদের সামনে তুলে ধরেন কাউন্সিলররা। এরই ধারাবাহিকতায় ২০ জুলাই পৌর মেয়রের বিরুদ্ধে ১১ কাউন্সিলর অনাস্থা প্রস্তাব গ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন। যার অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। এতে পৌর মেয়র ক্ষিপ্ত হয়ে কাউন্সিলরদের নানা ধরণের হুমকি প্রদর্শণ করেন। এর পাশাপাশি তিনি অসত্য কথা বলে ১১ পৌর কাউন্সিলরকে উকিল নোটিশ প্রেরণ করেন। এছাড়া ১১ পৌর কাউন্সিলরকে সামাজিকভাবে হেয় করতে একটি অসত্য তথ্য সংবলিত প্রচারপত্র পৌর মেয়র সাক্ষর করে বিলি করেন। যাতে প্রত্যেক কাউন্সিলরের বিরুদ্ধে দু’লক্ষ টাকা করে দাবীর কথা বলা হয়েছে। এতে পৌরবাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হয়েছে। উকিল নোটিশে বলা হয়েছে পৌর মেয়রকে এধরণের অপপ্রচার হতে বিরত থাকার পাশাপাশি স্থানীয় দু’টি পত্রিকায় বিবৃতি প্রদাণ করতে হবে। এর অন্যথা হলে পৌর মেয়রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে উকিল নোটিশে।
এবিষয়ে জানতে পৌর মেয়র উত্তম কুমার সাহার সাথে যোগাযোগ করা হলে তিনি উকিল নোটিশ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। একারণে উকিল নোটিশের জবাব দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে তা’ এখনো দেইনি। উল্লেখ্য- এর আগে পৌর মেয়রের পক্ষে ১১ কাউন্সিলরসহ স্থানীয় পত্রিকার এক সম্পাদক, সম্পাদক মণ্ডলীর সভাপতি ও একজন স্টাফ রিপোর্টারের বিরুদ্ধে উকিল নোটিশ প্রেরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button