বদরগঞ্জ অগ্রণী ব্যাংক থেকে গ্রাহকের ৫০ হাজার টাকা চুরির ঘটনায় তিনজন গ্রেফতার

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জ অগ্রণী ব্যাংক থেকে মাহফুজার রহমান নামে এক গ্রাহকের ৫০ হাজার টাকা চুরি হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন- খুলনার বাটিয়াঘাটা উপজেলার কৈয়ারবাজার এলাকার শহীদ শেখ(৫০), সোনাডাঙ্গার জামাল মৃধা(৪৫) এবং রফিকুল মৃধা(৪০)। তবে পলাতক রয়েছেন রূপসা উপজেলার কুদ্দুস মোল্লা(৬০)। বুধবার সকালে এঘটনা ঘটে।
মামলা সুত্রে জানা যায়- পৌরশহরের ইলেক্ট্রনিক পণ্য ব্যবসায়ী মাহফুজার রহমান নিত্যদিনের ন্যায় অগ্রণী ব্যাংক বদরগঞ্জ শাখায় টাকা জমা দিতে যান। তিনি ক্যাশ কাউন্টারের কাছে ৫০ হাজার টাকা রেখে রশিদ বই সাক্ষর করার মুহুর্তে তাকে চার অজ্ঞাত ব্যক্তি ঘিরে ধরেন। এরপর তিনি জমা রশিদ সাক্ষর করে ক্যাশ কাউন্টারের দিকে লক্ষ্য করে দেখেন তার টাকা নেই। বিষয়টি তাৎক্ষণিকভাবে শাখা ব্যবস্থাপককে জানানো হলে তিনি সিসি টিভির ভিডিও ফুটেজে দেখতে পান চার ব্যক্তি ওই টাকা নিয়ে চলে গেছেন। ওই ব্যবসায়ী সাথে সাথেই বদরগঞ্জ থানায় অজ্ঞাত চার ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে উপজেলার রামনাথপুর ইউনিয়নের শান্তিরবাজার থেকে ওই তিনজনকে টাকাসহ আটক করেন। পরবর্তীতে ওই অভিযোগটিকে মামলা হিসেবে রেকর্ড করলে ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
বদরগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) আরিফ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ দায়েরের দু’ঘন্টার মধ্যে টাকাসহ তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকী একজনকে ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।




