খেলা

ফাইনালের টিকিট পেতে বিকালে মাঠে নামবে বাংলাদেশ

ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে বাংলাদেশ ও পাকিস্তান আজ আবু ধাবিতে মাঠে নামবে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় মুখোমুখি হবে দুই দল। অঘোষিত এই সেমি ফাইনালের জয়ী দলই শুক্রবার ভারতের বিপক্ষে নামবে ফাইনাল।
আজকের ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের কোচ স্টীভ রোডস। তিনি তো রীতিমতো হুমকি দিয়ে রাখলেন পাকিস্তানকে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ক্রিকেট দল হিসেবে ওদের (পাকিস্তান) প্রতি শ্রদ্ধা আছে আমাদের, চ্যালেঞ্জটির জন্য মুখিয়ে আছি আমরা। তবে আমরাও বিপজ্জনক দল এবং তারাও সেটা জানে।’
এর আগে পাকিস্তানের দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থার খোলাখুলি ভাবেই স্বীকার করে নিয়েছেন, আত্মবিশ্বাসের ঘাটতিতে ভুগছে তার দল। ১৫ মাস আগে পাকিস্তানের এই দলটিই ভারতকে হারিয়ে প্রথম বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল। কেন দলের এমন ছন্নছাড়া অবস্থা? পাকিস্তান কোচ বললেন, ‘সত্যি বলতে, এই মুহূর্তে খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাসের সঙ্কট চলছে। ব্যর্থতার ভয় কিছুটা হলেও ড্রেসিংরুমে গ্রাস করেছে। ক্রিকেট দল হিসেবে এখন আমরা কি অবস্থায় আছি, সেটা খুব ভালো করেই বুঝতে পারছি আমরা।’
পাকিস্তান আত্মবিশ্বাসে সংকটে ভুগলেও বাংলাদেশের স্বপ্ন গিয়ে ঠেকেছে ২৮ সেপ্টেম্বরের ফাইনালে। স্টিভ রোডসের কথায়, ‘দারুণ লড়াই হবে। ম্যাচটি (পাকিস্তানের বিপক্ষে) কার্যত সেমি-ফাইনালে রূপ নিয়েছে। বাংলাদেশ থেকে আসার পর আমরা এটিই চেয়েছিলাম, এই জায়গাতেই আসতে চেয়েছিলাম। এখন চেষ্টা করব পাকিস্তানকে হারিয়ে ভারতের বিপক্ষে দারুণ একটি ফাইনালে লড়তে।’
দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২১০১৫ সালে। নিজেদের মাঠে বাংলাদেশ হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তানকে। এর পর দুই দল আর মুখোমুখি হয়নি। প্রায় সাড়ে তিন বছর পর বুধবার আবার মুখোমুখি হবে দুই দল।
এখন প্রয়োজন শুধু নিজেদের এই টগবগে আত্মবিশ্বাস আর প্রতিপক্ষের ভয়কে কাজে লাগানো। মাশরাফিরা তা পারবেন?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button